জ্বালানি সাশ্রয় ও শিক্ষা খাতের উন্নয়নকে সামনে রেখে শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য ব্যবহৃত বৈদ্যুতিক বাস আমদানিতে শুল্ক মওকুফের সিদ্ধান্ত নিয়েছে সরকার।
মঙ্গলবার জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবদুর রহমান খান এ ঘোষণা দেন। এনবিআর কার্যালয়ে পরিবহন খাতের বিভিন্ন সংগঠনের সঙ্গে প্রাক-বাজেট পরামর্শ সভায় তিনি এ তথ্য জানান।
তিনি বলেন, গণপরিবহনে জ্বালানির ব্যবহার কমানোর বৃহত্তর পরিকল্পনার অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে। প্রথম ধাপে শিক্ষার্থীদের পরিবহনে ব্যবহৃত বৈদ্যুতিক স্কুল বাস আমদানিতে শুল্ক শূন্যে নামানো হচ্ছে, যা পরিবেশবান্ধব ও সাশ্রয়ী পরিবহন ব্যবস্থার পথ খুলে দেবে।
এনবিআর চেয়ারম্যান আরও জানান, আসন্ন জাতীয় বাজেটের জন্য অপেক্ষা না করেই এই সিদ্ধান্ত কার্যকর করা হবে। খুব শিগগিরই এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হবে বলে তিনি উল্লেখ করেন।
তিনি বলেন, বৈদ্যুতিক যানবাহন খাতে বড় ধরনের পরিবর্তন আনার পরিকল্পনা রয়েছে সরকারের। তবে স্কুল বাসের ক্ষেত্রে শুল্ক ছাড়ের এই উদ্যোগ দ্রুত বাস্তবায়ন করা হবে, যাতে শিক্ষার্থীদের নিরাপদ ও পরিবেশবান্ধব যাতায়াত নিশ্চিত করা যায়।
বিশ্লেষকদের মতে, এই সিদ্ধান্ত বাস্তবায়িত হলে জ্বালানি ব্যয় কমার পাশাপাশি নগর পরিবহনে দূষণ হ্রাস এবং শিক্ষার্থীদের জন্য নিরাপদ পরিবহন ব্যবস্থার প্রসার ঘটবে।
কী-ওয়ার্ড: বৈদ্যুতিক বাস,শুল্ক মওকুফ,জ্বালানি সাশ্রয়