চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রোকনপুর সীমান্ত দিয়ে বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে দুই বাংলাদেশী নারীকে আটক করেছে বিজিবি। আটকরা হল যশোরের শার্শা থানার গোগা পাঁচভুলাট গ্রামের গোলাম হোসেনের মেয়ে মাছুরা খাতুন(৪৮) এবং কুমিল্লার হোমনা থানার ভিটি কালমিনা গ্রামের মালু মিয়ার মেয়ে লাকী বেগম(২৩)।
বিজিবির বরাতে পুলিশ জানায়, সোমবার(৬ এপ্রিল) সকাল ৭টার দিকে আন্তর্জাতিক সীমান্ত পিলার ২১৯/৭১ আর হতে প্রায় ১ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে জোড়াব্রীজ নামক স্থান দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশকালে ওই দুই নারীকে আটক করা হয়।
গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আলম বলেন, সোমবার বিকাল ৩টার দিকে জিডি করে ওই দুই নারীকে থানায় হস্তান্তর করে সংশ্লিস্ট নওগাঁ ব্যাটালিয়নের(১৬ বিজিবি) রোকনপুর বিওপির সদস্যরা। এরপর ওই নারীদের বাড়িতে যোগাযোগ করে পরিচয় নিশ্চিত করা হয়েছে। পরিবারের সদস্যদেও ডাকা হয়েছে। তাঁর আসার পর ওই নারীদের পরিবারের জিম্মায় দেয়া হবে।
ওসি আরও বলেন, জিজ্ঞাসাবাদে জানা গেছে মাছুরা প্রায় ৩ বছর ও লাকী প্রায় দেড় বছর আগে অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতের মুম্মাই শহরে যায়। মাসখানেক পূর্বে মাছুরা ও প্রায় তিন মাস পূর্বে লাকী ভারতীয় পুলিশের নিকট আটক হয়। এরপর হাজতবাস শেষে তাঁদের বিএসএফ’র নিকট হস্তান্তর করে ভারতের পুলিশ। এরপর ৮৮ বিএসএফ ব্যাটালিয়নের ইটাঘাটা ক্যাম্পের দায়িত্বপূর্ণ সীমান্ত দিয়ে ওই দুই নারীকে সোমবার ভোরে বাংলাদেশে ঠেলে পাঠায় বিএসএফ।
রোকনপুর বিওপির হাবিলদার সাজত আলী বলেন, ওই দুই নারী পাসপোর্ট ছাড়াই ভারতে অনুপ্রবেশ করেছিল। পরে সোমবার ভোররাতে তাঁদের বাংলাদেশে ঠেলে দেয় বিএসএফ।