বৃহস্পতিবার, এপ্রিল ৯, ২০২৬

জ্বালানি সাশ্রয়ে কড়াকড়ি,দেশজুড়ে নতুন অফিস সময়সূচি কার্যকর

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৬-০৪-০৫ ১১:২৬:২১

দেশব্যাপী বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে সব সরকারি ও বেসরকারি অফিসের জন্য নতুন সময়সূচি নির্ধারণ করেছে সরকার। রোববার (৫ এপ্রিল) থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত অফিস চলবে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।
শনিবার (৪ এপ্রিল) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। এর আগে বৃহস্পতিবার মন্ত্রিসভা বৈঠকে এই প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, দেশের সব সরকারি ও বেসরকারি অফিস একই সময়সূচির আওতায় পরিচালিত হবে, তবে জরুরি সেবাগুলো এই সময়সূচির বাইরে থাকবে।
প্রজ্ঞাপনে আরও জানানো হয়েছে, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কার্যক্রমও একই সময়ের মধ্যে চলবে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। তবে গ্রাহক সেবার জন্য ব্যাংকিং কার্যক্রম নির্ধারণ করা হয়েছে সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত। এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা বাস্তবায়নে বাংলাদেশ ব্যাংককে দায়িত্ব দেওয়া হয়েছে।
অন্যদিকে আদালতের সময়সূচি নির্ধারণে সুপ্রিম কোর্ট প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবে বলে উল্লেখ করা হয়েছে। এছাড়া বেসরকারি শিল্প প্রতিষ্ঠান ও কলকারখানার কর্মঘণ্টা নির্ধারণে বাংলাদেশ শ্রম আইন অনুযায়ী শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় পৃথক নির্দেশনা প্রদান করবে।
সরকারের এই উদ্যোগ মূলত বর্তমান বৈশ্বিক জ্বালানি পরিস্থিতি মোকাবিলা এবং বিদ্যুৎ সাশ্রয় নিশ্চিত করার অংশ হিসেবে নেওয়া হয়েছে। সংশ্লিষ্টরা আশা করছেন, একীভূত সময়সূচি কার্যকর হলে জ্বালানি ব্যবহারে উল্লেখযোগ্য নিয়ন্ত্রণ আসবে এবং জাতীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে।

কী-ওয়ার্ডস: নতুন অফিস সময়সূচি, বিদ্যুৎ সাশ্রয়, সরকারি সিদ্ধান্ত


এ জাতীয় আরো খবর