ঢাকা, ৪ এপ্রিল ২০২৬: উৎসব,স্মৃতি আর বন্ধনের অনন্য এক মিলনমেলায় পরিণত হয়েছিল সিভিল এভিয়েশন অবসরপ্রাপ্ত নিরাপত্তা কর্মকর্তা-কর্মচারীদের সংগঠন সিএএবি’র ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান। শনিবার আয়োজিত এই অনুষ্ঠানে দেশের বিভিন্ন বিমানবন্দরে দায়িত্ব পালন করা অবসরপ্রাপ্ত প্রায় ৭০ থেকে ৭২ জন কর্মকর্তা-কর্মচারী অংশ নেন।
অনুষ্ঠানটিকে আরও প্রাণবন্ত করে তোলে বর্তমান কর্মরত (অন সার্ভিস) কয়েকজন কর্মকর্তা-কর্মচারীর উপস্থিতি। নতুন-পুরাতনের এই মিলনমেলা এক আবেগঘন পরিবেশ সৃষ্টি করে, যেখানে স্মৃতিচারণ, অভিজ্ঞতা বিনিময় এবং পারস্পরিক আন্তরিকতায় ভরে ওঠে পুরো আয়োজন।
অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা তাদের কর্মজীবনের নানা স্মৃতি তুলে ধরেন। পাশাপাশি, প্রয়াত সহকর্মীদের রুহের মাগফেরাত কামনা এবং অসুস্থদের দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত সবাই গভীর শ্রদ্ধা ও আবেগের সঙ্গে অংশ নেন।
সংগঠনের সেক্রেটারি মোঃ নেছার উদ্দিন এসময় নতুন কমিটির নাম ঘোষণা করেন,যা উপস্থিত সদস্যদের মধ্যে নতুন উদ্দীপনা ও প্রত্যাশার সঞ্চার করে। একই সঙ্গে আগামী ৫ ডিসেম্বর ২০২৬ তারিখে সংগঠনের ৪র্থ মহামিলন আয়োজনের ঘোষণা দেওয়া হয়,যা নিয়ে সদস্যদের মধ্যে ব্যাপক আগ্রহ ও উৎসাহ দেখা যায়।
সেক্রেটারি তার বক্তব্যে আশা প্রকাশ করেন,বাংলাদেশের সব বিমানবন্দর নিয়ে গঠিত এই সিএএবি অবসরপ্রাপ্ত নিরাপত্তা শাখা সংগঠন ভবিষ্যতে আরও শক্তিশালী ও গতিশীল হবে। তিনি বলেন, এই সংগঠনকে দেশের একটি রোল মডেল হিসেবে প্রতিষ্ঠিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এবং সেই লক্ষ্যেই তিনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
দিনব্যাপী এই আয়োজনের শেষ হয় মধ্যাহ্ন ভোজের মাধ্যমে। আন্তরিকতা, ভ্রাতৃত্ববোধ এবং সম্মিলিত অঙ্গীকারে ভরপুর এই পুনর্মিলনী শুধু একটি উৎসব নয়,বরং অতীতের গৌরব, বর্তমানের বন্ধন এবং ভবিষ্যতের স্বপ্নকে একসূত্রে গেঁথে দিয়েছে।