বুধবার, আগস্ট ২৬, ২০২৬

ফুটপাত দখলমুক্তে কঠোর ডিএনসিসি,ভাসমান ব্যবসায়ীদের জন্য পুনর্বাসনের আশ্বাস

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৬-০৪-০৩ ০৫:৩২:০০

রাজধানীর ফুটপাত ও সড়ক দখলমুক্ত রাখতে কঠোর অবস্থান নিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। সংস্থাটির প্রশাসক মো. শফিকুল ইসলাম খান জানিয়েছেন, এখন থেকে ফুটপাত বা সড়কে কোনো ধরনের ব্যবসা করা যাবে না। তবে ক্ষুদ্র ও ভাসমান ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থার উদ্যোগ নেওয়া হবে।
মিরপুরে মুকুল ফৌজ মাঠে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। মিরপুর-১০ থেকে মিরপুর-১ পর্যন্ত সড়কের ফুটপাত দখলমুক্ত করার লক্ষ্যে ভাসমান ও ক্ষুদ্র ব্যবসায়ীদের সঙ্গে এই আলোচনা অনুষ্ঠিত হয়।
প্রশাসক বলেন, ফুটপাত জনগণের চলাচলের জন্য-এটি দখল করে ব্যবসা চালানো আর সম্ভব হবে না। তবে ব্যবসায়ীদের জীবিকার বিষয়টি বিবেচনায় রেখে সিটি কর্পোরেশন মানবিক দৃষ্টিভঙ্গিতে কাজ করবে। তিনি উল্লেখ করেন, প্রয়োজনে উচ্ছেদ অভিযান চালানো যেত, কিন্তু আলোচনা ও সমাধানের পথেই এগোতে চায় কর্তৃপক্ষ।
সভায় অংশ নেওয়া হকার ও ভাসমান ব্যবসায়ীরা পুনর্বাসনের জন্য নির্দিষ্ট স্থান, পর্যাপ্ত সময় এবং ব্যবসা উপযোগী পরিবেশ নিশ্চিত করার দাবি জানান। তাদের ভাষ্য, দীর্ঘদিন ধরে ফুটপাতে ব্যবসা করে জীবিকা নির্বাহ করছেন তারা। হঠাৎ উচ্ছেদ করা হলে পরিবার নিয়ে চরম সংকটে পড়তে হবে।
প্রশাসক আশ্বস্ত করে বলেন, ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করে কার্যকর সমাধান বের করা হবে। এ লক্ষ্যে পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দলের সঙ্গে বিস্তারিত আলোচনার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি সিটি কর্পোরেশন থেকে ব্যবসায়ীদের টোকেন দেওয়া হবে, যাতে কেউ চাঁদা দাবি করতে না পারে। টোকেন পাওয়ার পর চাঁদাবাজি হলে তা কর্তৃপক্ষকে জানানোর আহ্বান জানান তিনি।
মতবিনিময় সভায় ডিএনসিসির প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ রকিবুল হাসান, ডিএমপি মিরপুর জোনের ডিসিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

কী-ওয়ার্ড: ফুটপাত উচ্ছেদ,ডিএনসিসি অভিযান,হকার পুনর্বাসন


এ জাতীয় আরো খবর