চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জ শহর থেকে নুরজাহান বেগম (৪২) নামে তিন সন্তানের জননী এক গৃহবধুর গলায় ওড়নার ফাঁস দেয়া ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি রামকৃষ্টপুর (শান্তিমোড়) মহল্লার দুবাই প্রবাসী কোরাইসিন আলীর স্ত্রী ও মো. নুরুজ্জামানের মেয়ে। স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, বুধবার (২৫ মার্চ) সকাল ৬টার দিকে স্বামীর বাড়ির নিজ শয়নকক্ষে ছাদের বাঁশের আড়ার (তীর) সাথে গলায় ওড়নার ফাঁস দেয়া অবস্থায় মাকে ঝুলতে দেখে তাঁর সাথে একই বিছানায় শোয়া মেয়ে। পরে সকাল সাড়ে ৮টার দিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠায়।
সদর থানার পরিদর্শক (তদন্ত) সূকোমল চন্দ্র দেবনাথ বলেন, প্রাথমিক তদন্তের পর ধারণা করা হচ্ছে,ওই গৃহবধু দাম্পত্য কলহের জেরে আত্মহত্যা করে থাকতে পারেন। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে। ঘটনার তদন্ত শুরু হয়েছে। এ ঘটনায় সদর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।