উদীচী হত্যাকাণ্ডের ২৭তম বার্ষিকীতে সংগঠনের কেন্দ্রীয় কমিটি ঘটনার পুনঃতদন্ত ও বিচার দাবী করেছে। আজ বিকেলে রাজধানীর তোপখানায় কেন্দ্রীয় দপ্তরের বাইরে সত্যেন সেন চত্বরে শহীদদের স্মরণে স্থাপিত অস্থায়ী বেদীতে পুষ্পার্ঘ অর্পণ শেষে বক্তৃতায় সংগঠনের সাধারণ সম্পাদক জামসেদ আনোয়ার তপন এ দাবী জানান।
১৯৯৯ সনের আজকের দিনে যশোরের টাউন হল ময়দানে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর দ্বাদশ সম্মলনের সঙ্গীতানুষ্ঠানে হাজারো শ্রোতামণ্ডলীর মাঝে বোমা হামলায় নাজমুল হুদা তপন, সন্ধ্যারাণী ঘোষ, নূর ইসলাম, ইলিয়াস মোল্লা, মোহাম্মদ ইলিয়াস, বাবুল সূত্রধর, শাহ আলম, সৈয়দ বুলু, রতন কুমার বিশ্বাস, রাম কৃষ্ণ রায় এই ১০ জন শিল্পীকর্মী নিহত এবং কয়েকশ' জন আহত হয়। ঘটনার পর সমগ্র যশোর ও দেশে হৃদয় বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়। বক্তৃতায় জামসেদ আনোয়ার আরও বলেন, ঘটনার সময় ও পরে আওয়ামী লীগ ও বিএনপি পালা করে সিকি শতাব্দী দেশের শাসন পরিচালনা করেছে। কিন্তু, তারা কেউ কথা রাখেনি, ঘটনার বিচার করেনি। ঘটনার সময় ক্ষমতাসীন আওয়ামী লীগ বিরোধী দল বিএনপিকে শায়েস্তা করার জন্য মিথ্যা অভিযোগপত্র সাজায়, যা বিচারালয়ে প্রমাণ হয়নি। আাদালত পুনঃতদন্তের কথা বললেও তা করেনি কোনো সরকার। সেই ঘটনার বিচার হলে রমনার বটমূলে ছায়ানট এর পহেলা বৈশাখের অনুষ্ঠান, সিপিবির জনসভা, ময়মনসিংহের সিনেমা হলে বোমা হামলা, নেত্রকোনায় উদীচী দপ্তরে হামলায় হত্যাকাণ্ডের ঘটনা হতোনা। জামসেদ আনোয়ার, গণতান্ত্রিকভাবে নির্বাচিত বিএনপির সরকারকে ঘটনার পুনঃ তদন্ত করে বিচারের মাধ্যমে আইনের শাসন প্রতিষ্ঠার দাবী জানান।
এ উপলক্ষে আয়োজিত স্মরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুল আলম। বক্তৃতা করেন, সহ সভাপতি ইকরামুল কবির ইল্টু, সম্পাদকমণ্ডলীর সদস্য ইকবালুল হক খান, একরাম হোসেন ও আরিফ নূর। শহীদ বেদীতে সিপিবির পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করেন, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ক্বাফী রতন। স্মরণ অনুষ্ঠানে উদীচীর সঙ্গীত বিভাগ সঙ্গীত পরিবেশন করে।