সময়ের বিমর্ষ মুখের ক্ষয়িষ্ণু চেহারা
অপেক্ষার অন্তরালে জীবনের পথ চলা,
রুক্ষতার অন্ধকারে উপেক্ষার অন্তর
ভেঙ্গে যাওয়া সময়ের নির্লিপ্ত সম্ভার,
শুধুই খুঁজে চলা, সময়ের আড়ালে,
দিন বদলের পালায়, এক টুকরো হাসি।
ক্ষণে ক্ষণে উদভ্রান্ত মন, ভাবে অনুক্ষণ
জীবন নদীতে বয়ে চলা, অনির্দিষ্ট পথ,
জন্মের পর মুহূর্তে হাত পা ছোড়া,
নির্দিষ্ট প্রত্যাশায় শুরু হয় পথ চলা,
হয় না ইচ্ছে পূরণ, কে আছে আপনজন
সময় দুয়ারে প্রতি পদে, লৌহ শৃঙ্খল ।
প্রতিদিনের সূর্যোদয় ধরণীর নিয়ম
সমীরণ প্রবাহ তারই অনুসারী,
দিন রাতের খেলা, প্রাত্যাহিক লীলা,
তবুও মনের মাঝে উঠে জিজ্ঞাসা
নিজস্ব কি কিছুই নাই, একান্ত ই দুরাশা,
লক্ষ্যের অন্তরালে আছে মেঘে ঢাকা তারা।
এমনি করে পার হয় ঘন তামসা
আশার প্রদীপ জ্বলে হারায় দুরাশা,
মনের মাঝে জেগে আছে উপলব্ধির প্রেরণা
এটাই শেষ নয়, জীবন অনেক বড়ো,
অস্তাচলের অপর পাড়ে নবীন সূর্যোদয়
আঁধার কেটে আসবে নেমে উজ্জ্বল সময়।