রং মাখাবো বলে দুচোখ মেলে তাকালাম শিশুর দিকে
সে একমুখ খিলখিলে হাসি ছড়িয়ে দিল
তার হাসি লাগলো আমার মুখে
কি খুশি! কি আনন্দ!
আনন্দ ভেদ করে ছড়িয়ে গেল আলোর মতো রং।
রং মাখাবো বলে ছুটে গেলাম তরুণ যুবকের দিকে
তার মাথা বেয়ে নেমে আসছে বেকারত্ব
সারা শরীরে কেমন বিষাদ মাখা
নির্বাক মুখ যেন নিঃশব্দে বলছে ধূসর, চারিদিক শুধু ধূসর
বর্তমান, ভবিষ্যৎ কিছুই বোঝা যায় না সে রঙে
আমি চোখ ফেরালাম।
রং মাখাবো বলে ছুটে গেলাম মধ্য বয়স্কা গৃহবধূর দিকে
তার দুহাত ভরা সংসার
চোখ ভরা স্বপ্ন
আগামীর স্বপ্নে বিভোর হয়ে বুক বাঁধে সে,
স্বপ্নগুলো গুটিগুটি পায়ে একদিন বড় হবে ঠিক চারাগাছের মতো
বুঝলাম তার চারদিকে সবুজের সমারোহ।
রং মাখাবো বলে চোখ তুলে তাকালাম বৃদ্ধের দিকে
সে বিষন্ন মুখে বললো
'এইতো চারদিকে এত রং
ক্রমশ তারা হারিয়ে যেতে চাইছে মহাশূন্যের বুকে'
আমি আহত হলাম
আমার দীর্ঘশ্বাস বোঝালো সে রঙের নাম অন্ধকার।
চল্লিশটি বসন্ত পার করলাম
আজও একটাও রঙহীন মানুষ পেলাম না
আনন্দে কিংবা বিষাদে।