টি-টোয়েন্টি বিশ্বকাপে হতাশাজনক পারফরম্যান্সের জেরে বড় শাস্তির মুখে পড়েছেন পাকিস্তানি ক্রিকেটাররা। দলের প্রত্যেক খেলোয়াড়কে ৫০ লাখ পাকিস্তানি রুপি করে জরিমানা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড।
পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউন জানিয়েছে, গত ১৫ ফেব্রুয়ারি ভারতের কাছে হারের পরই বোর্ড এ সিদ্ধান্ত নেয়। শর্ত ছিল, অধিনায়ক সালমান আগার নেতৃত্বে দল সেমিফাইনালে উঠতে পারলে শাস্তি মওকুফ করা হবে। তবে শেষ পর্যন্ত তা সম্ভব না হওয়ায় জরিমানার সিদ্ধান্ত কার্যকর করেছে মহসিন নকভির নেতৃত্বাধীন বোর্ড।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, ভবিষ্যতেও পারফরম্যান্সের ভিত্তিতে ক্রিকেটারদের আর্থিক সুবিধা নির্ধারণ করা হবে। যদিও জরিমানাটি দলীয়ভাবে নাকি ব্যক্তিগতভাবে আরোপ করা হয়েছে, সে বিষয়ে স্পষ্ট ব্যাখ্যা পাওয়া যায়নি।
ব্যক্তিগত পারফরম্যান্স বিবেচনায় কয়েকজন ক্রিকেটার তুলনামূলক ভালো করেছেন। সাহিবজাদা ফারহান এখন পর্যন্ত ৬ ইনিংসে ৩৮৩ রান করে আসরের সর্বোচ্চ রান সংগ্রাহক। এটি শুধু চলতি আসরেই নয়, বিশ্বকাপ ইতিহাসের অন্যতম সেরা সংগ্রহ হিসেবে উল্লেখ করা হচ্ছে। ফখর জামান ২ ম্যাচে ১৮৭ স্ট্রাইকরেটে ১০৯ রান করেছেন। উসমান তারিক ৫ ম্যাচে ১৪.১০ গড়ে নিয়েছেন ১০ উইকেট। তবে দলের অধিকাংশ সদস্য প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছেন।
শুধু আর্থিক জরিমানাতেই বিষয়টি সীমাবদ্ধ থাকছে না। সালমান আগাকে সরিয়ে নতুন অধিনায়ক নির্বাচনের চিন্তাভাবনাও করছে বোর্ড। পাশাপাশি সিনিয়র ক্রিকেটারদের ভবিষ্যৎ নিয়েও আলোচনা চলছে।
বাবর আজম, শাদাব খান ও শাহিন শাহ আফ্রিদির পারফরম্যান্স নিয়েও প্রশ্ন উঠেছে। গুঞ্জন রয়েছে, টি-টোয়েন্টি দল থেকে এই তিন সিনিয়র ক্রিকেটারকে বাদ দেওয়ার সিদ্ধান্তও আসতে পারে।
কী-ওয়ার্ডস: পিসিবি জরিমানা, পাকিস্তান টি-টোয়েন্টি, বিশ্বকাপ ব্যর্থতা