সোমবার, আগস্ট ১৭, ২০২৬

মহেশপুরে মোটরসাইকেল সংঘর্ষে যুবকের মৃত্যু

  • মহেশপুর প্রতিনিধি
  • ২০২৬-০২-২৭ ২১:২৬:০৪

ঝিনাইদহের মহেশপুর উপজেলায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মো. তন্ময় হোসেন (২৪) নামে এক যুবক নিহত হয়েছেন।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার গয়েশপুর মাঠ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্বজনরা জানান, তন্ময় পেশায় একজন ইলেকট্রিক মিস্ত্রি ছিলেন। তিনি কাজের উদ্দেশ্যে যাদবপুরে যাচ্ছিলেন। পথে গয়েশপুর মাঠ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হন।
স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসকের পরামর্শে তাকে ঢাকায় নেওয়া হয়। ঢাকায় নেওয়ার পর রাত সাড়ে আটটার দিকে তার মৃত্যু হয় বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন।
নিহত তন্ময় মহেশপুর উপজেলার আজমপুর ইউনিয়নের নওদা গ্রামের এমদাদুল হকের ছেলে।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, দুর্ঘটনার বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

কী-ওয়ার্ডসঃমহেশপুর দুর্ঘটনা,মোটরসাইকেল সংঘর্ষ,যুবকের মৃত্যু


এ জাতীয় আরো খবর