মঙ্গলবার, জুলাই ২১, ২০২৬

জামিনের পরই মারধরের অভিযোগ,নতুন করে আইনি চাপে নোবেল

  • বিনোদন ডেক্স
  • ২০২৬-০২-২৭ ২১:০৯:১৪
ছবি: সংগৃহীত।

বিয়ের প্রলোভনে তরুণীকে আটকে রেখে হেনস্তা ও আপত্তিকর ছবি তৈরির চেষ্টার মামলায় জামিন পাওয়ার ২৪ ঘণ্টা না পেরোতেই নতুন বিতর্কে জড়িয়েছেন গায়ক মাইনুল আহসান নোবেল।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) আদালত থেকে জামিন পাওয়ার পর মামলার বাদী আনাননিয়া শবনম রোজ অনন্যাকে মারধরের অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের সামনে অনন্যা এই অভিযোগ করেন।
তিনি হাতের জখম ও কাটার দাগ দেখিয়ে দাবি করেন, আদালতে কান্নাকাটি করে জামিন নেওয়ার পর বাসায় ফিরে নোবেলের আচরণ বদলে যায়। কেন মামলা করা হয়েছে—এই অজুহাতে তাকে রাতভর মারধর করা হয় বলে অভিযোগ করেন তিনি। তার ভাষ্য, প্রকাশ্যে নিজেকে ভুক্তভোগী হিসেবে উপস্থাপন করলেও ব্যক্তিগত জীবনে নোবেল উগ্র আচরণ করেন।
মামলার নথি অনুযায়ী, গত বছরের আগস্টে নোবেলসহ তার পরিবারের সদস্য ও সহযোগীদের বিরুদ্ধে মামলা করেন অনন্যা। অভিযোগে বলা হয়, বিয়ের প্রলোভন দেখিয়ে তার কাছ থেকে ১৩ লাখ টাকার বেশি নেওয়া হয় এবং তাকে আটকে রেখে হেনস্তা ও আপত্তিকর ছবি তৈরির চেষ্টা করা হয়। তদন্তকারী সংস্থা প্রাথমিক সত্যতা পাওয়ার পর গত ২ ফেব্রুয়ারি আদালত আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
ওই মামলায় সোমবার নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকা থেকে নোবেলকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার আদালতে হাজির করা হলে আপসের বিষয়টি জানানো হয়। বিচারক উভয় পক্ষের সম্মতিতে এক হাজার টাকা মুচলেকায় ২ এপ্রিল পর্যন্ত জামিন মঞ্জুর করেন।
তবে জামিনের শর্ত ভঙ্গের অভিযোগ তুলে বাদীপক্ষের আইনজীবী সাজিদুল ইসলাম জানিয়েছেন, বাসায় ফিরে বাদীকে মারধর করা হয়েছে এবং এতে তিনি অজ্ঞান হয়ে পড়েন। এ ঘটনায় নোবেলের জামিন বাতিলের আবেদন করা হবে বলে জানিয়েছেন তিনি।

কী-ওয়ার্ডস:নোবেল,জামিন বিতর্ক,মারধরের অভিযোগ


এ জাতীয় আরো খবর