১৪৪৭ হিজরি সনের সাদাকাতুল ফিতর-এর হার জনপ্রতি সর্বোচ্চ ২ হাজার ৮০৫ টাকা এবং সর্বনিম্ন ১১০ টাকা নির্ধারণ করা হয়েছে। বুধবার সকালে ইসলামিক ফাউন্ডেশন-এর বায়তুল মুকাররম সভাকক্ষে অনুষ্ঠিত জাতীয় ফিতরা নির্ধারণ কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।
সংস্থাটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সভায় সভাপতিত্ব করেন জাতীয় ফিতরা নির্ধারণ কমিটির সভাপতি ও বায়তুল মুকাররম জাতীয় মসজিদ-এর খতীব মুফতি মুহাম্মদ আবদুল মালেক।
সভায় সর্বসম্মত সিদ্ধান্ত অনুযায়ী, ইসলামী শরীয়াহ অনুসারে আটা, যব, কিসমিস, খেজুর ও পনির-এই পণ্যগুলোর যেকোনো একটি দ্বারা ফিতরা আদায় করা যাবে।
নির্ধারিত হার অনুযায়ী:
-গম বা আটা দ্বারা আদায় করলে অর্ধ সা’ (১ কেজি ৬৫০ গ্রাম) বা এর বাজার মূল্য ১১০ টাকা।
-যব দ্বারা এক সা’ (৩ কেজি ৩০০ গ্রাম) বা এর বাজার মূল্য ৫৯৫ টাকা।
-খেজুর দ্বারা এক সা’ বা এর বাজার মূল্য ২ হাজার ৪৭৫ টাকা।
-কিসমিস দ্বারা এক সা’ বা এর বাজার মূল্য ২ হাজার ৬৪০ টাকা।
-পনির দ্বারা এক সা’ বা এর বাজার মূল্য ২ হাজার ৮০৫ টাকা প্রদান করতে হবে।
ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে, দেশের বিভিন্ন বিভাগ থেকে সংগৃহীত এসব পণ্যের বাজারদরের ভিত্তিতেই ফিতরার হার নির্ধারণ করা হয়েছে। মুসলমানরা নিজ নিজ সামর্থ্য অনুযায়ী উল্লিখিত পণ্য বা তার বাজারমূল্য দিয়ে সাদাকাতুল ফিতর আদায় করতে পারবেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দেশের বিভিন্ন অঞ্চলে এসব পণ্যের খুচরা বাজারমূল্যে তারতম্য থাকতে পারে। সে ক্ষেত্রে স্থানীয় বাজারদর অনুযায়ী ফিতরা আদায় করলেও তা আদায় হয়ে যাবে।
সভায় ইসলামিক ফাউন্ডেশন বোর্ড অব গভর্নরসের গভর্নর মাওলানা মাহফুজুল হকসহ সংশ্লিষ্ট আলেম ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
কী-ওয়ার্ডস: ১৪৪৭ হিজরি, সাদাকাতুল ফিতর, ইসলামিক ফাউন্ডেশন, ফিতরা হার ২০২৬