বৃহস্পতিবার, নভেম্বর ১৯, ২০২৬

বাংলাদেশ পুলিশের নেতৃত্বে পরিবর্তন: নতুন আইজিপি মো. আলী হোসেন ফকির

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৬-০২-২৫ ১১:৫১:২৬
ছবি: সংগৃহীত।

বাংলাদেশ পুলিশ-এর নতুন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন মো. আলী হোসেন ফকির। বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকালে পুলিশ সদর দপ্তরে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে তিনি দায়িত্বভার গ্রহণ করেন। তিনি বিদায়ী আইজিপি বাহারুল আলম-এর স্থলাভিষিক্ত হলেন।
এর আগে মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাকে আইজিপি পদে নিয়োগ দেওয়া হয়। দায়িত্ব গ্রহণের লক্ষ্যে সকালে পুলিশ সদর দপ্তরে পৌঁছালে সুসজ্জিত পুলিশ দল নতুন আইজিপিকে ‘গার্ড অব অনার’ প্রদান করে। পরে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বুঝে নেন।
আইজিপি হিসেবে নিয়োগ পাওয়ার আগে মো. আলী হোসেন ফকির আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অতিরিক্ত আইজি হিসেবে কর্মরত ছিলেন। ১৯৯৫ সালের ১৫ নভেম্বর ১৫তম বিসিএস (পুলিশ) ব্যাচের মাধ্যমে সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে পুলিশ বাহিনীতে যোগ দেন তিনি। দীর্ঘ পেশাগত জীবনে নেত্রকোনা, ফেনী ও মাগুরা জেলার পুলিশ সুপার (এসপি) হিসেবে দায়িত্ব পালন করেন।
এ ছাড়া তিনি আরআরএফ সিলেটের কমান্ড্যান্ট এবং ৩, ৫ ও ৭ এপিবিএন-এর অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন। ডিআইজি পদে তিনি পুলিশ সদর দপ্তর ও এসপিবিএন-এ কর্মরত ছিলেন। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের আওতায় কসোভো ও আইভরি কোস্টে দায়িত্ব পালন করে আন্তর্জাতিক পর্যায়েও সুনাম অর্জন করেন। পেশাগত প্রশিক্ষণের অংশ হিসেবে যুক্তরাষ্ট্র ও চীনসহ বিভিন্ন দেশে সফর করেছেন তিনি।
শিক্ষাজীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ম্যানেজমেন্টে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে এমবিএ সম্পন্ন করেন।
বর্তমানে তিনি বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি ১৫তম বিসিএস ফোরামের সাধারণ সম্পাদকসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে যুক্ত রয়েছেন।
১৯৬৮ সালের ৫ এপ্রিল বাগেরহাট জেলার সদর থানায় এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে তার জন্ম। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত এবং এক পুত্র ও এক কন্যা সন্তানের জনক।

কী-ওয়ার্ডস: নতুন আইজিপি, মো. আলী হোসেন ফকির, বাংলাদেশ পুলিশ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়

 


এ জাতীয় আরো খবর