বৃহস্পতিবার, নভেম্বর ১৯, ২০২৬

জা হা ন সৈ য় দ মি না

  • রোদ এসেছে চিলেকোঠায়
  • ২০২৬-০২-২০ ১৮:২৭:২০

সুর্য এখন প্রখর ভীষণ 
কাঠ-ফাটা রোদ আগুন ঝরায়,
চিলেকোঠার জিনিস গুলো 
রোদ পোহাবে ছাদ-আঙিনায়। 
ধুলো জমে পড়ে আছে
পুরোনো স্মৃতির নামে,
ভাবলাম দেই না বেচে সের দরে 
নাম মাত্র দামে? 

পরক্ষণেই মনে হলো  
ওরা যে আমার প্রাণ,
পারিনা যে বেচে দিতে, 
অথবা করে দিতে দান।  
কত দিন কত বছর 
আগলে রেখেছি কে জানে?
পুরোনো জিনিসগুলো দেখতে 
আবার সাধ জাগলো মনে।

রঙ-চটা ট্রাংকের চার দেয়ালে  
ঘুমিয়ে আছে ছোট্ট বেলার স্মৃতি, 
শৈশবের জামা কাপড় 
রঙিন খেলনা ইতি-উতি। 
মাকড়সার জালে জড়িয়ে আছে 
বিগত সময় এখানে, 
পড়েছি কত যে গল্প-উপন্যাস 
আমি লুকিয়ে এইখানে। 

ধুলো ঝেড়ে বসলাম 
সেই পুরোনো বেঞ্চিটি তে, 
শেলফ থেকে "বাল্যশিক্ষা" বইটি 
তুলে নিলাম হাতে। 
বিবর্ণ সেই বইটি 
আমায় নিয়ে গেল পেছনে বহু দূর,
যেন ফিরে পেলাম 
শৈশবের সেই দিনগুলো সুমধুর।
  
রোদ এসেছে চিলেকোঠায় 
খিড়কি ভেদ করে,
ধুলোয় মিশে থাকা
পুরোনো দিনের স্মৃতিতে ভর করে।  
আজও জীবন্ত এখানে 
মায়ের পুরনো সংসার,  
তাইতো আমি খুঁজে পাই এই চিলেকোঠায় 
আমার অস্তিত্ব আবার।     
 


এ জাতীয় আরো খবর