ঢাকায় নতুন রাজনৈতিক অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল–বিএনপির চেয়ারম্যান তারেক রহমান–এর নেতৃত্বে গঠিত হতে যাওয়া নতুন সরকার আগামী মঙ্গলবার শপথ নিতে যাচ্ছে। রাজধানীর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় বিকেলে আয়োজিত হবে নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠান।
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস শপথ অনুষ্ঠানে অংশ নিতে চীন, ভারত ও পাকিস্তানসহ মোট ১৩ দেশের সরকারপ্রধানকে আমন্ত্রণ জানিয়েছেন। শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাতে অন্তর্বর্তী সরকারের এক দায়িত্বশীল কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।
কূটনৈতিক সূত্র জানায়, আমন্ত্রিত দেশের তালিকায় রয়েছে চীন, সৌদি আরব, তুরস্ক, ভারত, পাকিস্তান, সংযুক্ত আরব আমিরাত, কাতার, মালয়েশিয়া, ব্রুনেই, শ্রীলঙ্কা, নেপাল, মালদ্বীপ ও ভুটান। সংশ্লিষ্টরা বলছেন, আঞ্চলিক ও বৈশ্বিক অংশীদারদের উপস্থিতির মাধ্যমে নতুন সরকার আন্তর্জাতিক পরিসরে ইতিবাচক বার্তা দিতে চায়।
জানা গেছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী বিএনপির নীতিনির্ধারণী নেতৃত্বের সঙ্গে আলোচনা করেই ১৩ দেশের সরকারপ্রধানকে আমন্ত্রণ জানানোর সিদ্ধান্ত নেয় অন্তর্বর্তী সরকার। ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে বিএনপি নেতৃত্বাধীন জোট দুই-তৃতীয়াংশের বেশি আসনে জয় পায়।
আগামী মঙ্গলবার সকালেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত সদস্যদের শপথ অনুষ্ঠিত হবে। তাদের শপথ গ্রহণ করাবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন।
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার কার্যালয়, আইন মন্ত্রণালয় এবং সরকার গঠন করতে যাওয়া বিএনপির একাধিক সূত্র শপথ আয়োজন ও কূটনৈতিক আমন্ত্রণের বিষয়টি নিশ্চিত করেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নতুন সরকারের শপথ অনুষ্ঠান ঘিরে যে কূটনৈতিক তৎপরতা দেখা যাচ্ছে, তা ভবিষ্যৎ পররাষ্ট্রনীতির দিকনির্দেশনা সম্পর্কেও ইঙ্গিত দিচ্ছে।
কী-ওয়ার্ডস: বিএনপি শপথ, তারেক রহমান সরকার, ১৩ দেশের আমন্ত্রণ