ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের মনোনীত প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত ৮টা ৩৫ মিনিটে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও দেবিদ্বার উপজেলা নির্বাহী অফিসার রাকিবুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, আসনটিতে মোট ১১৬টি ভোটকেন্দ্র রয়েছে এবং প্রাপ্ত ফলাফলে প্রতিটি কেন্দ্রেই হাসনাত আব্দুল্লাহ এগিয়ে রয়েছেন। সব কেন্দ্রের ফল একত্রিত করার পর ফলাফল বিবরণী পর্যালোচনা করে তাকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করা হয়।
এ আসনে হাসনাতের প্রধান প্রতিদ্বন্দ্বী ছিলেন গণঅধিকার পরিষদের মনোনীত ও বিএনপি সমর্থিত ট্রাক প্রতীকের প্রার্থী জসীম উদ্দিন। ভোটগ্রহণ চলাকালে বিকেল ৫টার দিকে ফেসবুক লাইভে এসে তিনি ভোট বর্জনের ঘোষণা দেন।
দেবিদ্বার আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ১০ হাজার ৫৫৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ১৫ হাজার ২৩৭ জন, নারী ১ লাখ ৯৫ হাজার ৩১৯ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৩ জন। সব কেন্দ্রের গণনা শেষে বেসরকারি ফলাফলে হাসনাত আব্দুল্লাহর জয় নিশ্চিত হয়।
কীওয়ার্ডস: কুমিল্লা-৪, হাসনাত আব্দুল্লাহ, দেবিদ্বার নির্বাচন