শনিবার, মে ৩০, ২০২৬

জনগণের সরকার চাইলেন জামায়াত আমির,ঢাকায় কেন্দ্র দখলের অভিযোগ

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৬-০২-১২ ১৯:০৩:০৯
ছবি: সংগৃহীত।

ঢাকা-১৫ আসনে ভোটগ্রহণ চলাকালে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটাবে-এমন একটি সরকারের আশা ব্যক্ত করেছেন। তিনি বলেন, সরকার হবে জনগণের,কোনো দল,ব্যক্তি বা পরিবারের নয়; ১৮ কোটি মানুষের প্রতিনিধিত্বকারী সরকারই দেশের জন্য প্রয়োজন।
বৃহস্পতিবার দুপুর ২টায় ঢাকা-১৫ আসনে তাঁর প্রধান নির্বাচনী কার্যালয়ে আয়োজিত ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। এর আগে সকালে মিরপুরের ৬০ ফিট এলাকায় মনিপুর উচ্চবিদ্যালয় বালক শাখা কেন্দ্রে তিনি নিজের ভোটাধিকার প্রয়োগ করেন।
শফিকুর রহমান বলেন, সুষ্ঠু নির্বাচন হলে একটি দায়িত্বশীল ও জনমুখী সরকার গঠন সম্ভব। অন্যদিকে জাল-জালিয়াতির মাধ্যমে গঠিত সরকার জনগণের দুঃখ-কষ্ট উপলব্ধি করতে পারে না এবং জনগণের সঙ্গে তাদের কার্যকর সেতুবন্ধ তৈরি হয় না।
ভোটের পরিবেশ সম্পর্কে তিনি জানান, সকালে মনিপুর উচ্চবিদ্যালয় কেন্দ্রে স্বাভাবিক পরিস্থিতি এবং উল্লেখযোগ্য ভোটার উপস্থিতি লক্ষ্য করেছেন। পরে একাধিক কেন্দ্র পরিদর্শন করে তিনি বলেন, দু-একটি কেন্দ্র ছাড়া অধিকাংশ জায়গায় ভোটার উপস্থিতি সন্তোষজনক ছিল।
তবে মনিপুর উচ্চবিদ্যালয় কেন্দ্রকে ঘিরে অনিয়মের অভিযোগ তোলেন জামায়াত আমির। তাঁর দাবি, প্রতিদ্বন্দ্বী প্রার্থীর কর্মী-সমর্থকেরা জোরপূর্বক কেন্দ্রে প্রবেশ করে ভোটারদের ভয়ভীতি প্রদর্শন ও হস্তক্ষেপ করেছেন। তিনি অভিযোগ করেন, তাঁদের সমর্থকদের শারীরিকভাবে নাজেহাল করা হয়েছে।
খবর পেয়ে তিনি ওই কেন্দ্রে গেলে সেনাবাহিনীর এক কর্মকর্তা পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়ার আশ্বাস দেন বলে জানান শফিকুর রহমান। তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের অনুরোধ করেন, ভোট শেষ হওয়ার পর গণনা প্রক্রিয়ার সময় শুধুমাত্র দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারী ও অনুমোদিত এজেন্টদের ভেতরে থাকতে দিতে এবং অপ্রয়োজনীয় জটলা এড়াতে ব্যবস্থা নিতে।
সারাদেশের বিভিন্ন স্থান থেকেও কিছু কেন্দ্রকে ঘিরে সমস্যার খবর পাওয়ার দাবি করেন তিনি। বিশেষ করে প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলের কর্মী-সমর্থকদের বিরুদ্ধে কিছু জায়গায় বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগ তোলেন।
ভোট শেষে গণনার সময় যেন কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি না হয় এবং জনগণের রায় সঠিকভাবে প্রতিফলিত হয়-এমন প্রত্যাশা ব্যক্ত করেন জামায়াত আমির। তিনি বলেন, প্রত্যেক নাগরিক যেন ভয়মুক্ত পরিবেশে নিজের পছন্দমতো ভোট দিতে পারেন, সেটাই সবার কাম্য।

কী-ওয়ার্ড:শফিকুর রহমান,ঢাকা-১৫ নির্বাচন,ভোটের পরিবেশ


এ জাতীয় আরো খবর