ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের প্রাক্কালে ভুল তথ্য ও বিভ্রান্তিকর প্রচারণা বন্ধে গণমাধ্যমের প্রতি স্পষ্ট আহ্বান জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ বলেছেন, একটি গ্রহণযোগ্য ও সুষ্ঠু নির্বাচনের ঠিক আগমুহূর্তে অপতথ্য ছড়িয়ে জনমনে বিভ্রান্তি তৈরি করা দুঃখজনক ও অনভিপ্রেত।
বুধবার সন্ধ্যায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন। তিনি জানান, ভোটগ্রহণ শুরু হতে আর মাত্র ১৩ ঘণ্টা বাকি। কমিশন একটি অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের লক্ষ্যে সব প্রস্তুতি সম্পন্ন করেছে।
একটি আর্থিক লেনদেন সংক্রান্ত বিষয়ে তাকে ভুলভাবে উদ্ধৃত করা হয়েছে উল্লেখ করে ইসি সচিব ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, তাকে ‘মিসকোট’ করা হয়েছে। পাঁচ কোটি টাকা নিয়ে গেলেও সমস্যা নেই-এ ধরনের বক্তব্য তিনি দেননি এবং দেওয়ার এখতিয়ারও তার নেই। অর্থ জব্দের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ উৎস, পরিমাণ ও উদ্দেশ্য বিবেচনায় সিদ্ধান্ত নেবে বলেও তিনি স্পষ্ট করেন।
এর আগে সকালে হোটেল ইন্টারকন্টিনেন্টালে বিদেশি সাংবাদিক ও পর্যবেক্ষকদের সঙ্গে অনুষ্ঠিত ব্রিফিং প্রসঙ্গে তিনি জানান, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, উজবেকিস্তান ও রাশিয়ার প্রতিনিধিরা প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করেছেন। তারা পোস্টাল ব্যালট পদ্ধতি সম্পর্কে বিশেষ আগ্রহ প্রকাশ করেন।
জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় জোটের প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাতের বিষয়ে তিনি বলেন, কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনার অভিযোগ তারা জানিয়েছেন। সংশ্লিষ্টদের ইলেক্টোরাল ইনকোয়্যারি কমিটি, রিটার্নিং অফিসার ও পুলিশ প্রশাসনের কাছে আনুষ্ঠানিকভাবে জানাতে বলা হয়েছে। কমিশনের পক্ষ থেকেও প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হবে।
আগামীকাল সকাল সাড়ে ৭টায় ভোটগ্রহণ শুরু হবে উল্লেখ করে তিনি বলেন, সবার আন্তরিক সহযোগিতা থাকলে নির্বাচন সুন্দরভাবে সম্পন্ন করা সম্ভব হবে।
কী-ওয়ার্ড:ইসি ব্রিফিং,অপতথ্য সতর্কতা,জাতীয় সংসদ নির্বাচন,আখতার আহমেদ