পাকিস্তান সুপার লিগ (পিএসএল) এবার নতুন অধ্যায়ে পা রাখছে। ইতিহাসে প্রথমবারের মতো ড্রাফট পদ্ধতি বাদ দিয়ে নিলামের মাধ্যমে দল গঠনের সিদ্ধান্ত নিয়েছে আয়োজকরা। আগামী ১১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে পিএসএলের প্রথম অকশন, যা ঘিরে ক্রিকেট অঙ্গনে তৈরি হয়েছে বাড়তি উত্তেজনা।
বিশেষ করে বাংলাদেশি সমর্থকদের আগ্রহ তুঙ্গে, কারণ এবারের নিলামে নাম রয়েছে ৫০ জন বাংলাদেশি ক্রিকেটারের। এরই মধ্যে লাহোর কালান্দার্স সরাসরি চুক্তিতে পেসার মুস্তাফিজুর রহমানকে দলে ভিড়িয়েছে। তার মূল্য নির্ধারণ করা হয়েছে ৬ কোটি ৪৪ লাখ পাকিস্তানি রুপি।
নতুন মৌসুমে আরও দুই দল-হায়দরাবাদ ও শিয়ালকোট—যুক্ত হওয়ায় পিএসএল এখন আট দলের প্রতিযোগিতা। প্রতিটি দল আগেই চারজন করে খেলোয়াড় ধরে রাখার সুযোগ পেয়েছে, যেখানে প্লাটিনাম, ডায়মন্ড, গোল্ড ও সিলভার ক্যাটাগরি থেকে একজন করে রাখা হয়েছে। বাকি স্কোয়াড গঠন হবে নিলামের মাধ্যমে।
দল গঠনের ক্ষেত্রেও নির্দিষ্ট নিয়ম বেঁধে দেওয়া হয়েছে। প্রতিটি দলে কমপক্ষে ১৬ জন এবং সর্বোচ্চ ২০ জন ক্রিকেটার থাকতে পারবেন। বিদেশি খেলোয়াড় থাকতে হবে অন্তত ৫ জন, সর্বোচ্চ ৭ জন। পাশাপাশি প্রতিটি দলে অন্তত দুইজন অনূর্ধ্ব-২৩ আনক্যাপড ক্রিকেটার রাখা বাধ্যতামূলক এবং প্রতি ম্যাচে তাদের মধ্যে অন্তত একজনকে একাদশে খেলাতে হবে।
পিএসএল ২০২৬ নিলাম শুরু হবে স্থানীয় সময় সকাল ১১টা ৩০ মিনিটে, যা বাংলাদেশ সময় দুপুর ১২টা। সরাসরি সম্প্রচার দেখা যাবে পিএসএলের অফিসিয়াল ইউটিউব চ্যানেল এবং পাকিস্তান ক্রিকেট বোর্ডের অফিসিয়াল ইউটিউব পেজে।
বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে ২ কোটি ২ লাখ রুপির ক্যাটাগরিতে আছেন জাকির হাসান, সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম।
১ কোটি ১০ লাখ রুপির তালিকায় রয়েছেন লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, নাজমুল হোসেন শান্ত, তাসকিন আহমেদ, তৌহিদ হৃদয়সহ আরও অনেক পরিচিত মুখ।
৬০ লাখ রুপি ভিত্তিমূল্যে আছেন আফিফ হোসেন, সৌম্য সরকার, সাব্বির রহমান, নাসুম আহমেদ, সাইফউদ্দিনসহ একঝাঁক তরুণ ও অভিজ্ঞ ক্রিকেটার।
সব মিলিয়ে প্রথম নিলামেই পিএসএল নতুন এক প্রতিযোগিতামূলক অধ্যায়ের সূচনা করতে যাচ্ছে, যেখানে বাংলাদেশি ক্রিকেটারদের উপস্থিতি আলোচনার কেন্দ্রে।
কী-ওয়ার্ডসঃপিএসএল নিলাম,বাংলাদেশি ক্রিকেটার,মুস্তাফিজুর রহমান