মঙ্গলবার, মে ২৬, ২০২৬

১২ ফেব্রুয়ারির ভোটে মাঠে থাকছেন প্রায় ৮ লাখ কর্মকর্তা, ভোটার ১২ কোটির বেশি

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৬-০২-১১ ১১:৩৬:১১

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আগামীকাল ১২ ফেব্রুয়ারি সারা দেশে বিশাল প্রশাসনিক প্রস্তুতি নেওয়া হয়েছে। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, ভোটগ্রহণ ও তদারকিতে প্রায় ৮ লাখ কর্মকর্তা দায়িত্ব পালন করবেন।
ইসি জানিয়েছে, এ নির্বাচনে ৬৯ জন রিটার্নিং অফিসার এবং ৫৯৮ জন সহকারী রিটার্নিং অফিসার মাঠে থাকবেন। ভোটগ্রহণ কার্যক্রম পরিচালনার জন্য নিয়োজিত থাকবেন ৪২ হাজার ৭৭৯ জন প্রিজাইডিং অফিসার, ২ লাখ ৪৭ হাজার ৪৮২ জন সহকারী প্রিজাইডিং অফিসার এবং ৪ লাখ ৯৪ হাজার ৯৬৪ জন পোলিং অফিসার। সব মিলিয়ে মোট ৭ লাখ ৮৫ হাজার ২২৫ জন কর্মকর্তা নির্বাচনী দায়িত্বে নিয়োজিত থাকবেন।
সারা দেশে ভোটকেন্দ্রের সংখ্যা ৪২ হাজার ৭৭৯টি। এর মধ্যে ২১ হাজার ২৭৩টি সাধারণ কেন্দ্র এবং ২১ হাজার ৫০৬টি গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোতে বাড়তি নজরদারি ও নিরাপত্তা ব্যবস্থা থাকবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৭৯৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ৩৬১ জন, নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ২০০ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১ হাজার ২৩২ জন।
৩০০ আসনের মধ্যে সবচেয়ে কম ভোটার রয়েছে ঝালকাঠি-১ আসনে, যেখানে ভোটার সংখ্যা ২ লাখ ২৮ হাজার ৪৩১ জন। অন্যদিকে সবচেয়ে বেশি ভোটার গাজীপুর-২ আসনে, সেখানে ভোটার রয়েছেন ৮ লাখ ৪ হাজার ৩৩৩ জন।
নির্বাচন কমিশন জানিয়েছে, ভোট যেন শান্তিপূর্ণ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়, সে লক্ষ্যে প্রশাসনিক ও আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

কী-ওয়ার্ডস:জাতীয় নির্বাচন,ভোটকেন্দ্র সংখ্যা,নির্বাচনী প্রস্তুতি


এ জাতীয় আরো খবর