শনিবার, মার্চ ৭, ২০২৬

প্র দী প গু প্ত

  • আমার প্রিয় রঙ লাল
  • ২০২৬-০২-১১ ১০:৫৩:০৮

-- "ওটা লাল রঙের ছিলো "।
কথাটা বলেই জিভ কাটলাম
ভুল বুঝে নিলাম নিমেষেই
আমি জানতাম এরপরেই আমার দিকে
ছুটে আসবে অসংখ্য মৃত্যুবাণ।

কী ধরণের লাল? রক্তের মতো?
গোলাপের মতো? ঠোটরঙা?
এই শোন, তুই লাল দোপাটি দেখেছিস কখনো?
গ্রামের রাঙামাটির পথের মতো লাল!
নবারুণের রঙের মতো, নাকি সন্ধ্যার সূর্যের রঙ?
নতুন বৌয়ের লজ্জারাঙা মুখ? দেখেছিস?
চাবুকের মারের দাগের মতো লাল?
মঙ্গলগ্রহ? সন্ধ্যার চাঁদ? মাধবীলতা? জিহ্বা?
যে লাল দেখে ষাঁড় ক্ষেপে ওঠে? 

আমি দুহাত দিয়ে কান বন্ধ করি
চিৎকার করে উঠি -- 
আমার পতাকার মতো - 
রক্তরাঙা হৃদয়ে গেঁথে নেওয়া ভালোবাসার পতাকার মতো লাল।
আমার প্রিয়ার কপালে জ্বলজ্বল করা টিপের রঙে
রাঙা আমার প্রিয় অস্তিত্বের রঙের মতো লাল।
অজস্র শ্বেতকণিকার সাথে যুদ্ধ করে বেঁচে থাকার রঙ।


এ জাতীয় আরো খবর