শনিবার, মার্চ ৭, ২০২৬

নির্বাচন যত ঘনাচ্ছে,সহিংসতাও তত বাড়ছে: দেড় মাসে ১৩৩ রাজনৈতিক সংঘাতে নিহত ১৩

  • ডেস্ক রিপোর্ট
  • ২০২৬-০২-১০ ২৩:৪৮:৩১

জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দেশে রাজনৈতিক সহিংসতার মাত্রা উদ্বেগজনকভাবে বেড়েছে। আইন ও সালিশ কেন্দ্রের (আসক) তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসের প্রথম ১০ দিনের মধ্যে দেশে মোট ১৩৩টি রাজনৈতিক সহিংসতার ঘটনা ঘটেছে। এসব ঘটনায় ১৩ জন নিহত এবং এক হাজার ১০৫ জন আহত হয়েছেন।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় আসক।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী আগামী বৃহস্পতিবার জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। ভোটের দিন যত এগিয়ে আসছে, রাজনৈতিক সহিংসতা এবং এতে হতাহতের সংখ্যা ততই বাড়ছে, যা গভীর উদ্বেগের বিষয়।
পরিসংখ্যান তুলে ধরে আসক জানায়, জানুয়ারির প্রথম ১০ দিনে (১-১০ জানুয়ারি) রাজনৈতিক সহিংসতার ৮টি ঘটনায় পাঁচজন নিহত ও ২৬ জন আহত হন। পরবর্তী ১০ দিনে (১১-২০ জানুয়ারি) ১৮টি ঘটনায় দুইজন নিহত এবং ১৭৬ জন আহত হন। জানুয়ারির শেষ ১০ দিনে (২১–৩১ জানুয়ারি) ৪৯টি সহিংসতায় প্রাণ হারান চারজন এবং আহত হন ৪১৪ জন।
চলতি ফেব্রুয়ারির প্রথম ১০ দিনে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নেয়। এ সময় ৫৮টি রাজনৈতিক সহিংসতার ঘটনায় দুইজন নিহত এবং ৪৮৯ জন আহত হন।
রাজনৈতিক সহিংসতার পাশাপাশি সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনাও উল্লেখযোগ্যভাবে বেড়েছে বলে জানায় আসক। গত বছরের ডিসেম্বরে ১১ জন সাংবাদিক আক্রান্ত হলেও চলতি বছরের জানুয়ারিতে এ সংখ্যা বেড়ে দাঁড়ায় ১৬ জনে। ফেব্রুয়ারির প্রথম ১০ দিনেই আক্রান্ত হয়েছেন ৪৭ জন সাংবাদিক।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, গত ৭ ফেব্রুয়ারি অনলাইন নিউজ পোর্টাল বাংলাদেশ টাইমসের ২১ জন সাংবাদিককে তাদের কর্মস্থল থেকে আটক করে সেনা ক্যাম্পে নেওয়া হয়। প্রায় দুই ঘণ্টা পর তাদের ছেড়ে দেওয়া হয়।
সামগ্রিক বিশ্লেষণে আসক বলছে, ডিসেম্বরের তুলনায় জানুয়ারিতে রাজনৈতিক সহিংসতা বেড়েছে এবং ফেব্রুয়ারিতেও সেই প্রবণতা অব্যাহত রয়েছে। নির্বাচন যত ঘনিয়ে আসছে, রাজনীতির মাঠ ততই উত্তপ্ত ও সহিংস হয়ে উঠছে। এর পাশাপাশি সাংবাদিকদের ওপর হামলার হারও বাড়ছে।
রাজনৈতিক সহিংসতা ও সাংবাদিক হয়রানির এই ক্রমাগত বৃদ্ধিতে গভীর উদ্বেগ প্রকাশ করে আসক সংশ্লিষ্ট সব পক্ষকে আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকার এবং সহিংসতা পরিহারের আহ্বান জানিয়েছে।

কী-ওয়ার্ডসঃরাজনৈতিক সহিংসতা,নির্বাচন পরিস্থিতি,সাংবাদিক হয়রানি

 


এ জাতীয় আরো খবর