শুক্রবার, মার্চ ৬, ২০২৬

নাগরিক শক্তি ছাড়া রাষ্ট্রের শক্তি অসম্পূর্ণ: তারেক রহমান

  • ডেস্ক রিপোর্ট
  • ২০২৬-০২-১০ ২২:০২:৪৪
ছবি: সংগৃহীত।

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, নাগরিককে দুর্বল রেখে কোনো রাষ্ট্রই টেকসইভাবে শক্তিশালী হতে পারে না। জনগণের রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতা নিশ্চিত না হলে গণতন্ত্র, উন্নয়ন কিংবা বিকেন্দ্রীকরণ—কোনোটিই স্থায়ী রূপ পায় না বলে মন্তব্য করেন তিনি।
সোমবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে এসব কথা বলেন তারেক রহমান। ভাষণে তিনি রাষ্ট্র পরিচালনায় নাগরিকের ভূমিকা ও ক্ষমতায়নের বিষয়টি বিশেষভাবে তুলে ধরেন।
তারেক রহমান বলেন, জনগণ যদি রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে শক্তিশালী না হয়, তাহলে রাষ্ট্র কেবল কাঠামোগত শক্তিতে সীমাবদ্ধ থাকে। প্রকৃত রাষ্ট্রশক্তি আসে জনগণের অধিকার, মত প্রকাশের স্বাধীনতা ও ন্যায্য অংশগ্রহণ নিশ্চিত করার মধ্য দিয়ে।
ধর্মের অপব্যবহার প্রসঙ্গে বিএনপি চেয়ারম্যান বলেন, কিছু গোষ্ঠী দলীয় স্বার্থ হাসিলের জন্য ধর্মের ভুল ব্যাখ্যা দিয়ে বিশ্বাসী মুসলমানদের বিভ্রান্ত করার চেষ্টা করছে। তিনি এ বিষয়ে সবাইকে সতর্ক ও সচেতন থাকার আহ্বান জানান।
তিনি আরও বলেন, দল-মত, ধর্ম ও বর্ণ নির্বিশেষে বাংলাদেশ সকল নাগরিকের দেশ। জাতীয় ঐক্য ও পারস্পরিক সম্মান বজায় রেখেই একটি ন্যায়ভিত্তিক রাষ্ট্র গড়ে তোলা সম্ভব।
ভাষণের একপর্যায়ে দেশের ইতিহাসে সংঘটিত বিভিন্ন গণ-আন্দোলন ও সংগ্রামের কথা স্মরণ করে তারেক রহমান বলেন, যারা গণতন্ত্র ও ন্যায়ের দাবিতে জীবন উৎসর্গ করেছেন, তাদের আত্মত্যাগ কখনোই বৃথা যেতে দেওয়া যাবে না। ন্যায়ভিত্তিক ও গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠাই শহীদদের প্রতি প্রকৃত সম্মান।

কী-ওয়ার্ডসঃনাগরিক ক্ষমতায়ন,তারেক রহমান ভাষণ,গণতন্ত্র ও নির্বাচন


এ জাতীয় আরো খবর