শুক্রবার, মার্চ ৬, ২০২৬

ত্রি-স্তর নিরাপত্তায় ভোটের প্রস্তুতি, ঝুঁকিপূর্ণ কেন্দ্র ঘিরে কড়া নজরদারি

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৬-০২-১০ ১৪:৩০:৪১
ছবি: সংগৃহীত।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে দেশজুড়ে তিন স্তরের সমন্বিত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম। মঙ্গলবার পুলিশ হেডকোয়ার্টার্স মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি নির্বাচনের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি তুলে ধরেন।
আইজিপি জানান, ভোটকেন্দ্রভিত্তিক নিরাপত্তা, ভ্রাম্যমাণ টহল এবং স্ট্রাইকিং ফোর্স-এই তিন স্তরে নিরাপত্তা সাজানো হয়েছে। পুরো প্রক্রিয়ায় মাঠে কাজ করছে ১ লাখ ৮৭ হাজার ৬০৩ জন পুলিশ সদস্য। তাদের পাশাপাশি সেনাবাহিনী, নৌবাহিনী ও আনসার বাহিনীও নির্বাচনী নিরাপত্তায় যুক্ত রয়েছে।
তিনি বলেন, সারা দেশে মোট ২৪ হাজার ভোটকেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে ৮ হাজার ৭৭০টি কেন্দ্রকে বিশেষ ঝুঁকিপূর্ণ ধরে সেখানে বাড়তি নিরাপত্তা ও নজরদারি জোরদার করা হয়েছে। এসব কেন্দ্রে সিসি ক্যামেরা ও পুলিশের বডি ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হবে।
আইজিপি আরও জানান, কোনো ভোটকেন্দ্রে সহিংসতা বা গুরুতর অনিয়মের ঘটনা ঘটলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে ওই কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করা হবে, এমনকি পরিস্থিতির অবনতি হলে সংশ্লিষ্ট আসনের ভোটও বাতিলের সিদ্ধান্ত আসতে পারে।
সংবাদ সম্মেলনে লুট হওয়া অস্ত্র প্রসঙ্গে তিনি বলেন, পুলিশের তালিকাভুক্ত এক হাজার ৩৩০টি অস্ত্রসহ ব্যক্তি পর্যায়ে লুণ্ঠিত সহস্রাধিক অস্ত্র এখনো উদ্ধার হয়নি। তবে এ বিষয়টিকে গুরুত্বের সঙ্গে বিবেচনায় নিয়েই নিরাপত্তা পরিকল্পনা সাজানো হয়েছে এবং কোনো ঝুঁকিই অবহেলা করা হচ্ছে না।

কী-ওয়ার্ড:নির্বাচন নিরাপত্তা,ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্র,পুলিশ মোতায়েন


এ জাতীয় আরো খবর