শুক্রবার, মার্চ ৬, ২০২৬

রা ব বা নী স র কা র

  • রাক্ষস-খোক্কস
  • ২০২৬-০২-১০ ১২:৫০:২৬

ছেলেবেলায় মায়ের কাছে রাক্ষসের গল্প শুনেছি
গা ছমছম করত, আঁধারে যেতে ভয় পেতাম,
বোধবুদ্ধির পর জেনেছি মানুষ ছাড়া কোনো রাক্ষস নেই
বস্তুত তার অস্তিত্ব নেই পৃথিবীতে, ছিল না কোনোদিনও 
মিথ ছড়িয়ে মানুষেরই বীভৎস রূপকে আড়াল করা হয়েছে মাত্র ---

অবশ্য বহু নৃগোষ্ঠির নরমাংস ভক্ষণের জনশ্রুতি আছে
বিজিত শত্রু জাতিগোষ্ঠী হলে তো কথাই নেই
আগুনে সেদ্ধ নরমাংস আর মাথার খুলিতে সোমরস --
এ-তো নিতান্তই আলোহীন মানুষের আঁধার জীবন। 

শুনেছি, উগাণ্ডায় ইদি আমিনের ডাইনিং টেবিলে
মানুষের মুণ্ড শোভা পেত -- বিষয়টি রাজনৈতিক
হয়তো বিরোধী দমনের প্রক্রিয়া ছিল,
যেমনটা করেছিল হিটলার, মুসোলিনি, চাউসেস্কু, পিনোশে
সভ্যতার ইতিহাসে এরা চিরদিনই অপাংক্তেয়।

পুনরাবৃত্তি ঘটে ইতিহাসের -- কালে কালে,
ভিন্ন রঙে ভিন্ন ঢঙে আবির্ভাব ঘটে সাইকো শাসকের
মানবতাবাদের ধুয়া তুলে চালায় ধ্বংসযজ্ঞ তৃতীয় বিশ্বে
লুটে নেয় সম্পদ, আবরু, সর্বোপরি স্বাধীন ভূখণ্ড।

দোর্দণ্ডশাসন বরাবরই উদ্ধত, দুর্বিনীত স্বভাবের
দৃষ্টিতে তার টলমল আঙুর-নির্যাস ক্ষমতার
কল্যাণের ছদ্মনামে আড়ালে থাকে জিঘাংসা
              রাক্ষস-খোক্কস বলা যায় না তাকে
কেউ বলি ত্রাণকর্তা কেউ বলি জনহিতৈষী অবতার।


এ জাতীয় আরো খবর