মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬

দেড় বছর পর পুনর্গঠন হলো জাতীয় মানবাধিকার কমিশন,নিয়োগ পেলেন চেয়ারপারসন ও চার কমিশনার

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৬-০২-০৬ ১৫:০৯:১৩
ফাইল ছবি

প্রায় দেড় বছর ধরে কার্যত অচল থাকার পর জাতীয় মানবাধিকার কমিশন পুনর্গঠন করেছে অন্তর্বর্তী সরকার। কমিশনের চেয়ারপারসন হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের সাবেক বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী। একই সঙ্গে চারজন নতুন কমিশনারও নিয়োগ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ, ২০২৫-এর ধারা ৬-এর উপধারা (১) অনুযায়ী রাষ্ট্রপতি বাছাই কমিটির সুপারিশের ভিত্তিতে এই নিয়োগ প্রদান করেছেন।
নতুন কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন গুমসংক্রান্ত তদন্ত কমিশনের সাবেক সদস্য মো. নুর খান ও নাবিলা ইদ্রিস। পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক মো. শরীফুল ইসলাম এবং মানবাধিকার কর্মী ইলিরা দেওয়ানও কমিশনার হিসেবে দায়িত্ব পেয়েছেন।
উল্লেখ্য, জুলাই-আগস্টে গণ-অভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর গত নভেম্বরে জাতীয় মানবাধিকার কমিশনের তৎকালীন চেয়ারম্যান ও সদস্যরা একযোগে পদত্যাগ করেন। এরপর দীর্ঘ সময় কমিশন পুনর্গঠিত না হওয়ায় মানবাধিকার সংক্রান্ত অভিযোগ, তদন্ত ও সুপারিশ কার্যক্রম কার্যত স্থবির হয়ে পড়ে।
অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর কমিশন পুনর্গঠনের দাবি বিভিন্ন মহল থেকে ওঠে। শেষ পর্যন্ত মেয়াদের শেষ পর্যায়ে এসে সরকার এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করল। সংশ্লিষ্টরা মনে করছেন, নতুন নেতৃত্বের মাধ্যমে দেশে মানবাধিকার পরিস্থিতি পর্যবেক্ষণ, অভিযোগ গ্রহণ এবং রাষ্ট্রীয় জবাবদিহি জোরদারে কমিশন আবার সক্রিয় ভূমিকা রাখতে পারবে।

কী-ওয়ার্ডস:জাতীয় মানবাধিকার কমিশন,চেয়ারপারসন নিয়োগ,অন্তর্বর্তী সরকার


এ জাতীয় আরো খবর