আজ পবিত্র শবে বরাত। হিজরি শাবান মাসের ১৪ ও ১৫ তারিখের মধ্যবর্তী এই মহিমান্বিত রাত মুসলমানদের কাছে ‘লাইলাতুল বরাত’ বা সৌভাগ্যের রজনী হিসেবে পরিচিত। ধর্মপ্রাণ মুসলমানরা বিশ্বাস করেন, এই রাতে মহান আল্লাহ তাঁর বান্দাদের জন্য রহমত, মাগফিরাত ও নাজাতের দ্বার উন্মুক্ত করে দেন।
পবিত্র শবে বরাত উপলক্ষে সারাদেশের মসজিদে মসজিদে বিশেষ নফল নামাজ, কোরআন তিলাওয়াত, জিকির-আজকার, ওয়াজ মাহফিল ও দোয়া-মোনাজাতের আয়োজন করা হয়েছে। বাসাবাড়িতেও অনেকে ব্যক্তিগতভাবে ইবাদত-বন্দেগিতে রাত কাটাচ্ছেন। আত্মসমালোচনা, তওবা ও গুনাহ থেকে ফিরে আসার অঙ্গীকারে মুখর এই রাত।
ইসলামিক স্কলারদের মতে,শবে বরাত মানুষের আমলনামা পর্যালোচনা ও আগামী বছরের রিজিক, জীবন-মৃত্যুর ফয়সালার সঙ্গে সম্পর্কিত একটি তাৎপর্যপূর্ণ সময়। তাই এ রাতে আল্লাহর নৈকট্য লাভের আশায় বেশি বেশি ইবাদতে মনোনিবেশ করার তাগিদ দেওয়া হয়েছে।
পবিত্র শবে বরাত উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে বায়তুল মোকাররম জাতীয় মসজিদসহ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ মসজিদে আলোচনা সভা,ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হচ্ছে। ধর্মীয় বক্তারা কোরআন ও হাদিসের আলোকে শবে বরাতের ফজিলত, করণীয় ও বর্জনীয় বিষয়ে মুসল্লিদের দিকনির্দেশনা দিচ্ছেন।
এ রাতে মুসলিম উম্মাহর শান্তি, দেশ ও জাতির কল্যাণ এবং বিশ্ব মানবতার মুক্তি কামনায় বিশেষ মোনাজাত করা হচ্ছে। একই সঙ্গে সামাজিক অনাচার, অন্যায় ও হিংসা পরিহার করে মানবকল্যাণে আত্মনিয়োগের আহ্বান জানানো হচ্ছে।
ধর্মীয় অনুভূতি ও সৌহার্দ্য বজায় রেখে পবিত্র শবে বরাত পালন করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সবাইকে সচেতন থাকার আহ্বান জানিয়েছে।