মঙ্গলবার, নভেম্বর ১৭, ২০২৬

হুইলচেয়ার ক্রিকেট টুর্নামেন্টে যমুনার দাপুটে শিরোপা জয়

  • স্পোর্টস ডেস্ক
  • ২০২৬-০২-০৩ ২০:০৩:৫৮
ছবি: সংগৃহীত।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আয়োজিত হুইলচেয়ার জাতীয় ক্রিকেট দল গঠনের লক্ষ্যে অনুষ্ঠিত হুইলচেয়ার ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়নের মুকুট জিতেছে যমুনা দল। মঙ্গলবার গুলশান ইয়ুথ ক্লাব মাঠে অনুষ্ঠিত ফাইনালে তারা ৯ উইকেটের বড় ব্যবধানে সুরমা দলকে পরাজিত করে শিরোপা নিশ্চিত করে।
ফাইনালে প্রথমে ব্যাট করতে নেমে সুরমা দল তিন উইকেট হারিয়ে সংগ্রহ করে ৮৭ রান। জবাবে যমুনা দল মাত্র এক উইকেট হারিয়ে ৮৯ রান তুলে নেয় এবং সহজ জয় নিশ্চিত করে।
ফাইনালের সেরা খেলোয়াড় নির্বাচিত হন রায়হান হোসেন রাজা। পুরো টুর্নামেন্টে ধারাবাহিক পারফরম্যান্সের জন্য রাজু মিয়া ম্যান অব দ্য টুর্নামেন্ট ও সেরা বোলারের স্বীকৃতি অর্জন করেন। সেরা ব্যাটারের পুরস্কার পান জুলহাস।
খেলা শেষে বিজয়ী ও রানারআপ দলের হাতে পুরস্কার তুলে দেন বিসিবির পরিচালক ও সংগীতশিল্পী আসিফ আকবর। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গুলশান ইয়ুথ ক্লাব লিমিটেডের সভাপতি ড. ওয়াহেদুজ্জামান তমাল ও সম্পাদক মো. মেহেদী হাসান।
বিসিবি-ফিজিক্যালি চ্যালেঞ্জড উইংয়ের সদস্য সচিব ও সাবেক জাতীয় ক্রিকেটার মো. সানোয়ার হোসেনের সভাপতিত্বে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ন্যাশনাল প্যারালিম্পিক কমিটি অব বাংলাদেশের মহাসচিব ড. মারুফ আহমেদ মৃদুলসহ বিসিবির নির্বাহী সদস্যরা উপস্থিত ছিলেন।
দুই দিনব্যাপী এই টুর্নামেন্টে পদ্মা, মেঘনা, যমুনা ও সুরমা-এই চারটি দল অংশগ্রহণ করে। সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত গ্রুপ পর্ব ও ফাইনাল মিলিয়ে মোট সাতটি ম্যাচ অনুষ্ঠিত হয়। শীর্ষ দুই দল হিসেবে যমুনা ও সুরমা ফাইনালে ওঠে, যেখানে যমুনা দাপুটে জয়ে চ্যাম্পিয়ন হয়।
হুইলচেয়ার ব্যবহারকারী শারীরিক প্রতিবন্ধী ক্রীড়াবিদদের অংশগ্রহণে এই টুর্নামেন্ট দেশের প্রতিবন্ধী ক্রিকেট উন্নয়নে নতুন সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

কী-ওয়ার্ডসঃহুইলচেয়ার ক্রিকেট,বিসিবি টুর্নামেন্ট,যমুনা চ্যাম্পিয়ন


এ জাতীয় আরো খবর