বৃহস্পতিবার, জুলাই ২, ২০২৬

শবে বরাত কাল রাতে: সারাদেশে ধর্মীয় আয়োজন,বুধবার সরকারি ছুটি

  • ডেস্ক রিপোর্ট
  • ২০২৬-০২-০২ ২২:৩৯:১৬

আগামীকাল মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দিবাগত রাতে সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও মর্যাদায় পালিত হবে পবিত্র শবে বরাত। হিজরি শাবান মাসের ১৪ ও ১৫ তারিখের মধ্যবর্তী এই রাত মুসলমানদের কাছে ‘লাইলাতুল বরাত’ বা সৌভাগ্যের রজনী হিসেবে পরিচিত।
পবিত্র শবে বরাত উপলক্ষে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস এক বাণীতে দেশবাসীসহ বিশ্ব মুসলিম উম্মাহকে শুভেচ্ছা জানিয়েছেন। তিনি এই মহিমান্বিত রাতকে আল্লাহর রহমত ও ক্ষমা লাভের এক অনন্য সুযোগ হিসেবে গ্রহণ করে দেশ ও জাতির কল্যাণে দোয়া এবং মানবসেবায় আত্মনিয়োগের আহ্বান জানান। এ উপলক্ষে আগামী বুধবার (৪ ফেব্রুয়ারি) সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে।
বাণীতে প্রধান উপদেষ্টা বলেন, ইবাদত-বন্দেগি, দান-সদকা, আত্মসমালোচনা ও তওবার মাধ্যমে এ রাতে মহান আল্লাহর নৈকট্য অর্জন করা সম্ভব। গুনাহ থেকে পরিশুদ্ধ হয়ে সঠিক পথে ফিরে আসার জন্য শবে বরাত মুসলমানদের জন্য বিশেষ তাৎপর্য বহন করে।
শবে বরাত উপলক্ষে মসজিদে মসজিদে নফল নামাজ, পবিত্র কোরআন তেলাওয়াত, জিকির-আযকার ও ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হবে। বাসাবাড়িতেও ধর্মপ্রাণ মুসলমানরা ইবাদত-বন্দেগিতে রাত অতিবাহিত করবেন।
এ উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে আগামীকাল সন্ধ্যা থেকে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে বিশেষ ধর্মীয় কর্মসূচি গ্রহণ করা হয়েছে। মাগরিবের নামাজের পর শুরু হওয়া ওয়াজ মাহফিলে কোরআন ও হাদিসের আলোকে শবে বরাতের ফজিলত, গুরুত্ব ও করণীয় বিষয়ে আলোচনা করা হবে। রাতভর নফল ইবাদত ও জিকিরের জন্য জাতীয় মসজিদ মুসল্লীদের জন্য উন্মুক্ত থাকবে।
ফজরের নামাজের পর আখেরি মোনাজাতের মধ্য দিয়ে বায়তুল মোকাররমে শবে বরাতের আনুষ্ঠানিকতা শেষ হবে। একইসঙ্গে ইসলামিক ফাউন্ডেশনের বিভাগীয় ও জেলা কার্যালয়, ইসলামিক মিশন কেন্দ্র এবং ইমাম প্রশিক্ষণ একাডেমিতেও অনুরূপ ধর্মীয় আয়োজন করা হয়েছে।
এদিকে বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতারসহ বিভিন্ন বেসরকারি টিভি চ্যানেল ও রেডিওতে শবে বরাত উপলক্ষে বিশেষ ধর্মীয় অনুষ্ঠান সম্প্রচার করা হবে। এ রাতে মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হবে।

কী-ওয়ার্ডস:শবে বরাত,লাইলাতুল বরাত,সরকারি ছুটি


এ জাতীয় আরো খবর