আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে সারাদেশে প্রার্থীদের নির্বাচনি প্রচারণা পুরোদমে চলছে। তবে নির্বাচন কমিশনের (ইসি) আচরণ বিধিমালা অনুযায়ী, এই প্রচারণা ভোট গ্রহণ শুরুর ৪৮ ঘণ্টা আগে সম্পূর্ণভাবে বন্ধ করতে হবে। সে হিসেবে আগামী ১০ ফেব্রুয়ারি রাত ১২টার পর কোনো ধরনের নির্বাচনি প্রচার কার্যক্রম চালানো যাবে না।
নির্বাচন কমিশনের ‘রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫’ অনুযায়ী নির্বাচনি প্রচারণায় পোস্টার ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। বিধিমালার ৭ (ক) ধারায় স্পষ্টভাবে উল্লেখ রয়েছে, কোনো প্রার্থী বা রাজনৈতিক দল পোস্টার ব্যবহার করতে পারবে না।
এছাড়া পরিবেশ সুরক্ষার কথা বিবেচনায় নিয়ে অপচনশীল ও পরিবেশের জন্য ক্ষতিকর সামগ্রী-যেমন রেক্সিন, পলিথিন বা প্লাস্টিক দিয়ে তৈরি ব্যানার, লিফলেট কিংবা প্রচারপত্র ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। বিধিমালার ৭ (খ) ধারায় এসব উপকরণ ব্যবহারের ওপর সরাসরি নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
বিধিমালার ৭ (ঙ) ধারায় বলা হয়েছে, ইলেকট্রনিক ও ডিজিটাল মাধ্যম ছাড়া অন্যান্য প্রচার সামগ্রী সাদা-কালো রঙের হতে হবে। একইসঙ্গে ব্যানারের আয়তন সর্বোচ্চ ১০ ফুট বাই ৪ ফুট, লিফলেট ও হ্যান্ডবিল এ-ফোর সাইজের মধ্যে এবং ফেস্টুনের আয়তন ১৮ ইঞ্চি বাই ২৪ ইঞ্চির বেশি হতে পারবে না। এসব প্রচার সামগ্রীতে প্রার্থীর নিজস্ব ছবি ও প্রতীক ছাড়া অন্য কারও ছবি বা প্রতীক ব্যবহার করা যাবে না।
সম্প্রতি ব্যানার ব্যবহারের বিষয়ে একটি স্পষ্টীকরণ নির্দেশনাও দিয়েছে নির্বাচন কমিশন। ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদের স্বাক্ষরিত চিঠিতে জানানো হয়, ব্যানার আনুভূমিক কিংবা উলম্ব—যেভাবেই লাগানো হোক না কেন, নির্ধারিত ১০ ফুট বাই ৪ ফুটের মধ্যে থাকলেই তা বৈধ বলে গণ্য হবে।
এদিকে আচরণ বিধিমালা লঙ্ঘন ঠেকাতে মুদ্রণালয় ও ছাপাখানার প্রতিও কড়া নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। ইসি সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) মো. রুহুল আমিন মল্লিক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কিছু এলাকায় পোস্টার ব্যবহারের ঘটনা লক্ষ্য করা গেছে, যা বিধিমালার সরাসরি লঙ্ঘন এবং শাস্তিযোগ্য অপরাধ।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নিবন্ধিত রাজনৈতিক দল, মনোনীত ও স্বতন্ত্র প্রার্থীসহ সংশ্লিষ্ট সবাইকে আচরণ বিধিমালা কঠোরভাবে অনুসরণ করতে হবে। একইসঙ্গে কোনো ধরনের নির্বাচনি পোস্টার মুদ্রণ না করতে মুদ্রণালয় ও ছাপাখানাগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে।
কী-ওয়ার্ডস:নির্বাচনি আচরণ বিধিমালা,পোস্টার নিষিদ্ধ,জাতীয় সংসদ নির্বাচন