বুধবার, আগস্ট ২৬, ২০২৬

নওগাঁর মহাদেবপুরে ডাম্প ট্রাক-অটোভ্যান সংঘর্ষে প্রাণ গেল পাঁচজনের

  • নওগাঁ প্রতিনিধিঃ
  • ২০২৬-০১-৩১ ১০:৩৯:১৭
ছবি: সংগৃহীত।

নওগাঁর মহাদেবপুর উপজেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন। শনিবার (৩১ জানুয়ারি) ভোরে উপজেলার পাঠকাঠি এলাকায় একটি ডাম্প ট্রাকের নিচে যাত্রীবাহী অটোভ্যান চাপা পড়লে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. ইমরুল কায়েস বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনায় মোট পাঁচজনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে তাৎক্ষণিকভাবে দুজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন উপজেলার নূরপুর এলাকার বিপুল পাহান (২৫) ও সঞ্জু রাও (৪৫)।
মহাদেবপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার আবুল কাসেম জানান, একটি ডাম্প ট্রাক মহাদেবপুর থেকে পত্নীতলার নজিপুরের দিকে যাচ্ছিল। একই সময় বিপরীত দিক থেকে নজিপুর থেকে মহাদেবপুরের দিকে আসছিল একটি যাত্রীবাহী অটোভ্যান। পাঠকাঠি এলাকায় পৌঁছালে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে অটোভ্যানটিকে চাপা দেয়।
দুর্ঘটনায় ঘটনাস্থলেই দুজন নিহত হন। গুরুতর আহত অবস্থায় আরও তিনজনকে উদ্ধার করে মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন।
হাসপাতাল সূত্রে জানা গেছে, ভোর সাড়ে চারটার দিকে দুর্ঘটনাটি ঘটে এবং আহতদের ভোর পাঁচটার দিকে হাসপাতালে আনা হয়। নিহতদের মধ্যে কয়েকজনের পরিচয় শনাক্তে পুলিশ কাজ করছে।
ঘটনার পর স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে আসে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে পুলিশ তদন্ত শুরু করেছে বলে জানা গেছে।

কীওয়ার্ডস:নওগাঁ দুর্ঘটনা,ডাম্প ট্রাক,সড়ক নিরাপত্তা


এ জাতীয় আরো খবর