তুমি ডাকলে আমি আলোকবর্ষ দূর থেকে ছুটে আসতে পারি
যেভাবে ছুটে আসে ধূমকেতু
তীব্র গতিতে ভেঙে ফেলতে পারি মাঝখানের সব বাধা।
তুমি ডাকলে আমি সমতল থেকে ছুটে যেতে পারি পাহাড়ে
চড়াই-উৎরাই পার করতে পারি অক্লেশে
পথের সবটুকু ক্লান্তি বাষ্পে উড়িয়ে দিতে পারি তোমার সামান্যতম স্পর্শে
তোমার জন্য ভরা শীতেও আমি ফাগুন হতে পারি।
তুমি ডাকলে আমি উষ্ণ মরুভূমি থেকে ছুটে যেতে পারি মেরু প্রদেশে
আমার তপ্ত শরীরে শীতলতা জড়িয়ে ধরতে পারি
প্রচন্ড হিমে বরফ হয়ে যেতে যেতে তাকিয়ে থাকতে পারি শেষ নিঃশ্বাস পর্যন্ত।
যদি শুধু একবার চোখে চোখ রেখে দৃঢ় কন্ঠে বল 'ভালবাসি'
মন থেকে চাইলে কি না হয়!