বুধবার, নভেম্বর ১৮, ২০২৬

সুপার সিক্সেই থামল যুবারা,ইংল্যান্ডের কাছে হেরে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ থেকে বাংলাদেশের বিদায়

  • স্পোর্টস ডেস্ক
  • ২০২৬-০১-২৬ ২১:৪৬:২১
ছবি: সংগৃহীত।

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ক্রিকেটের সুপার সিক্স পর্বের প্রথম ম্যাচেই হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে বাংলাদেশ। বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাবে ইংল্যান্ডের বিপক্ষে ৭ উইকেটের পরাজয়ে সেমিফাইনালের স্বপ্ন ভেঙে যায় আজিজুল হাকিমের দলের।
বাঁচা-মরার ম্যাচে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিলেও শুরু থেকেই ছন্দ হারায় বাংলাদেশ। ইংলিশ বোলারদের নিয়ন্ত্রিত আক্রমণের মুখে মাত্র ৩৮.১ ওভারে ১৩৬ রানেই গুটিয়ে যায় যুবারা। ওপেনিংয়ে দ্রুত জাওয়াদ আবরারের বিদায়ের পর অধিনায়ক আজিজুল হাকিম ও রিফাত বেগ কিছুটা প্রতিরোধ গড়লেও সেটি বড় জুটিতে রূপ নেয়নি। রিফাত ৩১ রান করে ফিরলে আবারও ব্যাটিং ধস নামে। আজিজুল হাকিম ও উইকেটকিপার মোহাম্মদ আবদুল্লাহ ছাড়া কেউই উল্লেখযোগ্য অবদান রাখতে পারেননি।
সহজ লক্ষ্য তাড়ায় ইংল্যান্ড শুরুতে দুই উইকেট হারালেও ম্যাচের নিয়ন্ত্রণ দ্রুত নিজেদের করে নেয়। টমাস রু ও বেন মায়েসের ৭৮ রানের জুটি বাংলাদেশের প্রত্যাবর্তনের সব সম্ভাবনা শেষ করে দেয়। অধিনায়ক টমাস রু অপরাজিত ৫৯ রান করে দলকে জয় এনে দেন এবং ম্যাচসেরার পুরস্কার জিতে নেন।
এই পরাজয়ের ফলে ২০২০ সালে শিরোপা জয়ের পর টানা তিনটি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপেই সেমিফাইনালের আগেই বিদায় নিতে হলো বাংলাদেশকে। গ্রুপপর্বে সীমিত সাফল্যের কারণে সুপার সিক্সে মাত্র ১ পয়েন্ট নিয়ে নামা বাংলাদেশকে প্রথম ম্যাচেই জিততেই হতো, কিন্তু চাপ সামলাতে ব্যর্থ হয় যুবারা।
যদিও বিশ্বকাপ মিশন শেষ হয়ে গেলেও বাংলাদেশ দলের আরও একটি ম্যাচ বাকি আছে। আগামী ৩১ জুন হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে সুপার সিক্সের শেষ ম্যাচ খেলবে তারা।

কীওয়ার্ডস:অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ,বাংলাদেশ যুব দল,ইংল্যান্ড ক্রিকেট


এ জাতীয় আরো খবর