মঙ্গলবার, নভেম্বর ১৭, ২০২৬

পাকিস্তানের বিপক্ষে গোলবন্যায় প্রতিশোধ,শিরোপার খুব কাছে বাংলাদেশের মেয়েরা

  • স্পোর্টস ডেস্ক
  • ২০২৬-০১-২৩ ১৫:২৭:০৯
ছবি: সংগৃহীত।

এক দিন আগেই ছেলেদের সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপে পাকিস্তানের কাছে বড় ব্যবধানে হেরে শিরোপার স্বপ্ন ভেঙেছিল বাংলাদেশ। তবে ঠিক এক দিনের ব্যবধানে সেই হতাশার জবাব দিলেন লাল-সবুজের মেয়েরা। থাইল্যান্ডের ব্যাংককের ননথাবুরি হলে শুক্রবার (২৩ জানুয়ারি) সাফ নারী ফুটসালে পাকিস্তানকে ৯-১ গোলে বিধ্বস্ত করেছে বাংলাদেশ।
এই ম্যাচে একক নৈপুণ্যে উজ্জ্বল ছিলেন অধিনায়ক সাবিনা খাতুন। চার গোল করে দলকে জয়ের পথে টেনে নেন তিনি। জোড়া গোল করেন কৃষ্ণা রানী সরকার ও নৌশিন জাহান। বাকি গোলটি আসে নিলুফা ইয়াসমিন নীলার পা থেকে।
এই জয়ে পাঁচ ম্যাচে চার জয় ও এক ড্রয়ে বাংলাদেশের সংগ্রহ ১৩ পয়েন্ট। ফলে শিরোপা জয়ের দৌড়ে স্পষ্টভাবে এগিয়ে আছে সাবিনা-কৃষ্ণারা। ৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ভারত, যদিও তাদের একটি ম্যাচ কম খেলা।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে বাংলাদেশ। সপ্তম মিনিটে কৃষ্ণার পাস থেকে প্রথম গোলটি করেন সাবিনা। এরপর একের পর এক গোলে পাকিস্তানের রক্ষণভাগ পুরোপুরি ভেঙে পড়ে। প্রথমার্ধেই বড় ব্যবধানে এগিয়ে গিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় বাংলাদেশ।
দ্বিতীয়ার্ধে গতি কিছুটা কমালেও গোলের ধারাবাহিকতা থামেনি। সাবিনা ও কৃষ্ণার আক্রমণে পাকিস্তান বারবার বিপর্যস্ত হয়। শেষ পর্যন্ত বিশাল ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশের মেয়েরা।
গ্রুপ পর্বের শেষ ম্যাচে আগামী রোববার মালদ্বীপের মুখোমুখি হবে বাংলাদেশ। সেই ম্যাচে জয় পেলেই সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়নশিপের শিরোপা নিশ্চিত হবে লাল-সবুজের মেয়েদের।

কীওয়ার্ডসঃবাংলাদেশ নারী ফুটসাল,সাফ চ্যাম্পিয়নশিপ,সাবিনা খাতুন


এ জাতীয় আরো খবর