স্বাধীন চলচ্চিত্রের বিশ্বমঞ্চ হিসেবে পরিচিত যুক্তরাষ্ট্রের সানড্যান্স ফিল্ম ফেস্টিভ্যাল শুরু হলো আজ বৃহস্পতিবার, ২২ জানুয়ারি। আগামী ১ ফেব্রুয়ারি পর্যন্ত উটাহ অঙ্গরাজ্যের পার্ক সিটি ও সল্ট লেক সিটিতে সরাসরি আয়োজনের পাশাপাশি অনলাইন প্ল্যাটফর্মেও চলবে এবারের উৎসব। বিশ্বের সবচেয়ে প্রভাবশালী স্বাধীন চলচ্চিত্র উৎসবগুলোর একটি হিসেবে সানড্যান্স প্রতিবছর নতুন নির্মাতা ও সাহসী গল্পের জন্য আলাদা গুরুত্ব পেয়ে থাকে।
২০২৬ আসরের জুরি বোর্ডে যুক্তরাষ্ট্রের পাশাপাশি আন্তর্জাতিক চলচ্চিত্র আন্দোলনের প্রতিনিধিত্ব স্পষ্টভাবে ফুটে উঠেছে। অভিনেত্রী তাতিয়ানা মাসলানি, নির্মাতা নিশা গনাত্রা এবং ডকুমেন্টারি চলচ্চিত্রের প্রভাবশালী নাম জেনি লিভিংস্টনের উপস্থিতি উৎসবের কিউরেটোরিয়াল গুরুত্ব আরও বাড়িয়েছে।
যুক্তরাষ্ট্রের ড্রামাটিক প্রতিযোগিতা বিভাগে জুরি হিসেবে দায়িত্ব পালন করছেন জ্যানিচা ব্রাভো, নিশা গনাত্রা ও আজাজেল জ্যাকবস। যুক্তরাষ্ট্রের ডকুমেন্টারি প্রতিযোগিতা বিভাগে রয়েছেন নাটালিয়া আলমাদা, জাস্টিন চ্যাং ও জেনি লিভিংস্টন। ওয়ার্ল্ড সিনেমা ড্রামাটিক বিভাগে আনা কাটজ, সো ইয়ং কিম ও তাতিয়ানা মাসলানি এবং ওয়ার্ল্ড সিনেমা ডকুমেন্টারি বিভাগে টনি কামাউ, বাও গুয়েন ও কার্স্টেন শ্যাফার জুরি হিসেবে কাজ করবেন।
এছাড়া শর্ট ফিল্ম প্রোগ্রাম প্রতিযোগিতা বিভাগে লিভ কনস্টেবল-ম্যাক্সওয়েল, এ.ভি. রকওয়েল ও মার্টিন স্টার এবং নেক্সট বিভাগে জন কুপার ও ট্রেভর গ্রোথ দায়িত্ব পালন করবেন। বিজ্ঞান ও মানবিক গল্পের মেলবন্ধনে দেওয়া আলফ্রেড পি. স্লোন ফিচার ফিল্ম প্রাইজের জুরি বোর্ডে রয়েছেন সোফি বার্তেস, ড. হেদার বার্লিন, ড. আন্দ্রেয়া ঘেজ, আরি হ্যান্ডেল ও নিকোল পার্লম্যান।
স্বাধীন চলচ্চিত্র নির্মাতাদের নতুন ভাষা, রাজনৈতিক ও সামাজিক বাস্তবতা এবং পরীক্ষাধর্মী গল্পের জন্য এবারের সানড্যান্স উৎসবও বৈশ্বিক দর্শকের দৃষ্টি আকর্ষণ করবে বলে মনে করছেন চলচ্চিত্র বিশ্লেষকেরা।
কীওয়ার্ডসঃসানড্যান্স উৎসব,স্বাধীন চলচ্চিত্র,আন্তর্জাতিক জুরি