শনিবার, মে ২, ২০২৬

মোস্তাফিজ ইস্যুতে মুখ খুলল আইসিসি,বিশ্বকাপ নিরাপত্তার সঙ্গে যোগ মানতে নারাজ

  • স্পোর্টস ডেস্ক
  • ২০২৬-০১-২২ ১০:৪২:১৭

আইপিএল থেকে বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার ঘটনার পর ভারতের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে অনীহা প্রকাশ করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দীর্ঘদিন ধরে চলা এই বিতর্কে এবার আনুষ্ঠানিকভাবে অবস্থান জানাল আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
আইসিসির দাবি, আইপিএল থেকে মোস্তাফিজকে বাদ দেওয়ার ঘটনা একটি ঘরোয়া লিগসংক্রান্ত বিচ্ছিন্ন বিষয়, যার সঙ্গে আন্তর্জাতিক টুর্নামেন্টের নিরাপত্তা কাঠামোর কোনো সরাসরি সম্পর্ক নেই। সংস্থাটি মনে করে,এই ঘটনাকে সামনে রেখে বিশ্বকাপের ভেন্যু বা আয়োজন নিয়ে প্রশ্ন তোলা যুক্তিসংগত নয়।
আন্তর্জাতিক বিভিন্ন সূত্রের বরাতে জানা গেছে, ভারতের কয়েকটি উগ্রবাদী গোষ্ঠীর হুমকির মুখে মোস্তাফিজকে দলে রাখা ঝুঁকিপূর্ণ মনে করে বিসিসিআই। এরই পরিপ্রেক্ষিতে গত ৩ জানুয়ারি কলকাতা নাইট রাইডার্সকে তাকে ছেড়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়। এই সিদ্ধান্তের পরই ভারতের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তোলে বিসিবি এবং আইসিসির কাছে ভেন্যু পরিবর্তনের বিষয়টি উত্থাপন করে।
তবে আইসিসির এক মুখপাত্র স্পষ্ট করে জানিয়েছেন, বাংলাদেশের দলের নিরাপত্তা ঝুঁকিতে রয়েছে-এমন কোনো স্বাধীন ও নির্ভরযোগ্য নিরাপত্তা মূল্যায়ন না থাকায় ম্যাচ স্থানান্তরের সুযোগ নেই। তার ভাষায়, একটি নির্দিষ্ট খেলোয়াড়ের ঘরোয়া লিগে অংশগ্রহণ নিয়ে উদ্ভূত সমস্যাকে বিশ্বকাপের মতো বৈশ্বিক আসরের নিরাপত্তা কাঠামোর সঙ্গে যুক্ত করা যায় না।
আইসিসির মতে,বিসিবি একাধিকবার একই ঘটনার পুনরাবৃত্তি করে বিশ্বকাপে অংশগ্রহণের প্রশ্নে অনড় অবস্থান বজায় রেখেছে,যা টুর্নামেন্টের নিয়ম ও নিরাপত্তা মূল্যায়নের সঙ্গে সাংঘর্ষিক।
উল্লেখ্য, ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হওয়ার কথা আগামী ৭ ফেব্রুয়ারি। এই আসরে বাংলাদেশের অংশগ্রহণ এখনো অনিশ্চিত। সরকারের চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় থাকলেও, ভারতের ভেন্যুতে না খেলার বিষয়ে বিসিবি এখনো তাদের অবস্থান পরিবর্তন করেনি।

কীওয়ার্ডসঃমোস্তাফিজ ইস্যু,টি-টোয়েন্টি বিশ্বকাপ,আইসিসি নিরাপত্তা


এ জাতীয় আরো খবর