থাইল্যান্ডের ব্যাংককে চলমান সাফ নারী ও পুরুষ ফুটসাল টুর্নামেন্টে জয়যাত্রা অব্যাহত রেখেছে বাংলাদেশ। একদিন আগেই পুরুষ দলের জয়ের পর এবার দুর্দান্ত প্রত্যাবর্তনে শ্রীলঙ্কাকে হারিয়ে পূর্ণ তিন পয়েন্ট তুলে নিয়েছে নারী দল।
ম্যাচের শুরুটা ছিল লাল-সবুজের মেয়েদের জন্য বেশ কঠিন। প্রথম কয়েক মিনিটের মধ্যেই শ্রীলঙ্কা দুই গোল করে এগিয়ে যায়। হঠাৎ এমন ধাক্কায় কিছুটা চাপে পড়ে বাংলাদেশ। তবে সেখান থেকেই ম্যাচে ফেরার পথ দেখান অধিনায়ক সাবিনা খাতুন। কৃষ্ণা রাণী সরকারের নিখুঁত পাস কাজে লাগিয়ে পরপর দুই গোল করে সমতায় ফেরান তিনি।
বিরতির পর পুরো ম্যাচের নিয়ন্ত্রণ নেয় বাংলাদেশ। সাবিনা ও কৃষ্ণাদের গতি, স্কিল এবং অভিজ্ঞতার সামনে এলোমেলো হয়ে পড়ে শ্রীলঙ্কার রক্ষণভাগ। সাবিনার কর্নার থেকে সুমাইয়ার শক্তিশালী শটে প্রথমবারের মতো লিড পায় বাংলাদেশ।
এরপর একের পর এক আক্রমণে শ্রীলঙ্কাকে আর ঘুরে দাঁড়ানোর সুযোগ দেয়নি বাংলাদেশ। ম্যাচের শেষ পাঁচ মিনিটে আরও তিনটি গোল করে ব্যবধান বড় করে নেয় দলটি। দুটি গোলের সুযোগ তৈরি করা কৃষ্ণা নিজেই একটি দৃষ্টিনন্দন গোল করেন। পরে সুমাইয়ার শট ফিরলেও ফিরতি বলে মাসুরা গোল করে স্কোরলাইন বাড়ান। শেষদিকে কৃষ্ণার আরেকটি গোল নিশ্চিত করে বড় জয়।
যোগ করা সময়ে শ্রীলঙ্কা একটি গোল শোধ দিলেও তাতে ফলাফলে কোনো প্রভাব পড়েনি।
এই টুর্নামেন্টে নারী ও পুরুষ-দুই বিভাগেই অংশ নিচ্ছে সাতটি দেশ। প্রতিটি দল খেলছে ছয়টি করে ম্যাচ। চার ম্যাচ শেষে বাংলাদেশের নারী দলের সংগ্রহ ১০ পয়েন্ট। পাকিস্তান ও মালদ্বীপের বিপক্ষে রয়েছে তাদের বাকি দুই ম্যাচ। সব ম্যাচ শেষে পয়েন্ট টেবিলের শীর্ষ দলই হবে চ্যাম্পিয়ন। অন্যদিকে চার ম্যাচ শেষে পুরুষ দলের সংগ্রহ দাঁড়িয়েছে সাত পয়েন্ট।
কীওয়ার্ডসঃসাফ ফুটসাল,বাংলাদেশ নারী দল,শ্রীলঙ্কা ম্যাচ