রাজধানীর হাজারীবাগ এলাকায় শীতার্ত ও সুবিধাবঞ্চিত শতাধিক শিশুর মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। নিরাপদ সড়ক চাই (নিসচা) কেন্দ্রীয় কমিটির উদ্যোগে এবং আগামীর বাংলাদেশ ফাউন্ডেশনের আয়োজনে আজ শুক্রবার বিকেলে এই মানবিক কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিরাপদ সড়ক চাই (নিসচা) এর মহাসচিব এস এম আজাদ হোসেন। তিনি শিশুদের হাতে কম্বল তুলে দেন এবং শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
এ সময় এস এম আজাদ হোসেন বলেন, শীত শুধু প্রকৃতির কঠিন রূপ নয়, এটি সমাজের অসহায় মানুষের জন্য এক বড় চ্যালেঞ্জ। সুবিধাবঞ্চিত শিশুদের কষ্ট লাঘবে সমাজের সচেতন মানুষ ও সংগঠনগুলোকে এগিয়ে আসতে হবে। নিসচা শুধু সড়ক নিরাপত্তা নয়,সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকেও মানুষের পাশে থাকতে চায় বলে উল্লেখ করেন তিনি।
মহাসচিব আরও বলেন,আগামীর বাংলাদেশ ফাউন্ডেশনের এই আয়োজন প্রমাণ করে-সমন্বিত উদ্যোগ থাকলে মানবিক কাজের পরিধি আরও বাড়ানো সম্ভব।
এসময় নিসচা প্রতিষ্ঠাতা ইলিয়াস কাঞ্চনের সুস্থতা কামনা এবং এই মহতী কাজে যারা অংশগ্রহণ করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে মোনাজাত করা হয়।মোনাজাত পরিচালনা করেন নিসচা কেন্দ্রীয় অর্থ-সম্পাদক আনোয়ার হোসেন।
অনুষ্ঠানে নিসচা ও আগামীর বাংলাদেশ ফাউন্ডেশনের অন্যান্য নেতৃবৃন্দ, স্বেচ্ছাসেবক এবং স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন। কম্বল পেয়ে শিশুদের মুখে ফুটে ওঠে স্বস্তির হাসি, যা পুরো আয়োজনকে আবেগঘন করে তোলে।
আয়োজকরা জানান, শীতকালজুড়ে এমন মানবিক কার্যক্রম অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে, যাতে আরও বেশি অসহায় মানুষ উপকৃত হতে পারেন।
কী-ওয়ার্ডস:নিসচা,কম্বল বিতরণ,সুবিধাবঞ্চিত শিশু