বুধবার, জানুয়ারী ১৪, ২০২৬

তেজতুরী বাজারে মুছাব্বির হত্যা: প্রধান শুটারসহ তিনজন আটক,নেপথ্য পরিকল্পনার ইঙ্গিত

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৬-০১-১০ ১০:১৬:১৪
ছবি: সংগৃহীত।

রাজধানীর কাওরানবাজারের তেজতুরী বাজারে স্বেচ্ছাসেবক দল নেতা আজিজুর রহমান মুছাব্বির হত্যাকাণ্ডের ঘটনায় প্রধান শুটারসহ তিনজনকে আটক করেছে পুলিশ। মানিকগঞ্জ ও গাজীপুরে পৃথক অভিযান চালিয়ে শুক্রবার (৯ জানুয়ারি) গভীর রাতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) তাদের গ্রেপ্তার করে।
ডিবির এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, গ্রেপ্তারদের মধ্যে রয়েছে সরাসরি গুলিবর্ষণে জড়িত শুটার জিনাত এবং হত্যাকাণ্ডের সন্দেহভাজন পরিকল্পনাকারী বিল্লাল। আটক তৃতীয় ব্যক্তি এই দুজনের সহযোগী বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনার পেছনের উদ্দেশ্য ও আরও জড়িতদের শনাক্তে তদন্ত চলছে।
উল্লেখ্য, গত বুধবার (৭ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে তেজতুরী বাজারের স্টার হোটেলের গলিতে সন্ত্রাসীদের গুলিতে নিহত হন স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুছাব্বির (৪৫)। ঘটনার পর তার স্ত্রী সুরাইয়া বেগম বাদী হয়ে তেজগাঁও থানায় হত্যা মামলা দায়ের করেন।
ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজে হামলার পুরো দৃশ্য ধরা পড়ে। ভিডিওতে দেখা যায়, স্টার কাবাব হোটেলের দ্বিতীয় তলা থেকে আলোচনা শেষে মুছাব্বির ও তার সহযোগী মাসুদ গলির দিকে হাঁটছিলেন। এ সময় পেছন থেকে অনুসরণকারী দুই যুবক হঠাৎ সামনে এসে গুলি ছোড়ে। একটি গুলি মুছাব্বিরের ডান হাতের কনুইয়ের নিচে এবং আরেকটি পেটের ডান পাশে লাগে। তিনি মাটিতে লুটিয়ে পড়লে মাসুদ এগিয়ে এলে তাকেও লক্ষ্য করে গুলি ছোড়া হয়। পরে হামলাকারীরা প্রকাশ্যেই অস্ত্র গুঁজে মূল সড়ক দিয়ে পালিয়ে যায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত মুছাব্বির ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল আলম নীরবের ঘনিষ্ঠ অনুসারী ছিলেন। তিনি আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে কাউন্সিলর প্রার্থী হওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন এবং এলাকায় সক্রিয় রাজনৈতিক আলোচনায় যুক্ত ছিলেন। রাজনৈতিক বিরোধ ও আধিপত্য বিস্তার এই হত্যার পেছনে ভূমিকা রেখেছে কি না, সে দিকটিও গুরুত্ব দিয়ে খতিয়ে দেখছে আইনশৃঙ্খলা বাহিনী।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারদের জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডের পরিকল্পনা, অর্থের যোগান ও সম্ভাব্য নির্দেশদাতাদের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার আশা করা হচ্ছে।

কীওয়ার্ডস:মুছাব্বির হত্যা,তেজতুরী বাজার,ডিবি অভিযান


এ জাতীয় আরো খবর