নির্বাচনী হলফনামায় উল্লেখিত আয় ও সম্পদ নিয়ে ওঠা বিতর্ককে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে আখ্যা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক ব্যাখ্যামূলক পোস্টে তিনি বলেন, তার ঘোষিত সব তথ্য আইনসম্মত, নথিভুক্ত এবং যাচাইযোগ্য হলেও সেগুলোকে ইচ্ছাকৃতভাবে বিকৃত করে জনমনে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে।
নাহিদ ইসলাম জানান, হলফনামায় উল্লেখ করা ১৬ লাখ টাকা কোনো আকস্মিক বা অস্বাভাবিক আয় নয়। এটি ২০২৪-২৫ অর্থবছরের মোট আয়ের হিসাব, যেখানে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনের সময় পাওয়া রাষ্ট্রীয় বেতন-ভাতাই প্রধান অংশ। তার ভাষায়, প্রায় ১১ লাখ টাকা এসেছে উপদেষ্টা হিসেবে প্রাপ্ত বেতন ও ভাতা থেকে, যা ব্যাংকিং চ্যানেলে পরিশোধিত, আয়করযোগ্য এবং সম্পূর্ণভাবে নথিভুক্ত। বাকি অর্থ এসেছে পদত্যাগের পর একটি বেসরকারি প্রতিষ্ঠানে কনসালটেন্ট হিসেবে বৈধ পেশাগত কাজের সম্মানী থেকে।
মোট সম্পদের বিষয়ে তিনি জানান, ঘোষিত ৩২ লাখ টাকা কোনো এক বছরের অর্জন নয়; বরং তার প্রায় ২৭ বছরের জীবনের সঞ্চয়ের সমষ্টি। এর মধ্যে রয়েছে বেতন থেকে সঞ্চয়, পূর্ববর্তী জমানো অর্থ, সামাজিক ও পারিবারিক অনুষ্ঠানে পাওয়া উপহার, স্বর্ণালংকার, আসবাবপত্র ও ইলেকট্রনিক সামগ্রীর মূল্য। পাশাপাশি পদত্যাগের পর আয়কর পরিশোধিত আয়ের অংশও এতে যুক্ত হয়েছে।
ব্যাংক হিসাব প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, উপদেষ্টা পদ ছাড়ার সময় তার হিসাবে ছিল মাত্র ১০ হাজার টাকা। পরে মন্ত্রীদের আসবাবপত্র কেনার জন্য সরকারিভাবে বরাদ্দ অর্থ একই হিসাবে জমা হওয়ায় ব্যালেন্স বেড়েছে, যা হলফনামায় স্পষ্টভাবে উল্লেখ আছে। বর্তমানে তার দুটি ব্যাংক হিসাব রয়েছে-একটি সোনালী ব্যাংকে এবং অন্যটি নির্বাচনী ব্যয় পরিচালনার জন্য ২৮ ডিসেম্বর সিটি ব্যাংকে খোলা।
পেশাগত পরিচয় নিয়ে বিভ্রান্তির জবাবে তিনি বলেন, হলফনামায় কোথাও নিজেকে শিক্ষক হিসেবে উল্লেখ করা হয়নি। আগে তিনি সরকারের উপদেষ্টা ছিলেন, বর্তমানে কনসালট্যান্সি পেশায় যুক্ত। একটি টেক ফার্মে তিনি স্ট্র্যাটেজিক ও পলিসি পরামর্শ দেন, যার বিস্তারিত নির্বাচন কমিশনে জমা দেওয়া নথিতে উল্লেখ রয়েছে। প্রতিষ্ঠানটি কোনো সরকারি প্রকল্পের সঙ্গে যুক্ত নয় এবং তার সংশ্লিষ্টতায় কোনো সরকারি সুবিধাও পায়নি বলে দাবি করেন তিনি।
পোস্টের শেষাংশে নাহিদ ইসলাম বলেন, সীমিত সম্পদ ও স্বচ্ছ আয়ের ঘোষণা প্রমাণ করে তিনি ক্ষমতার অপব্যবহার বা অবৈধ সম্পদ গড়ার রাজনীতির বাইরে থেকেছেন। তবে এই স্বচ্ছতাকেই কেন্দ্র করে তার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। তার মন্তব্য, 'এই দেশে সত্য বলা অনেক সময় অপরাধ হয়ে দাঁড়ায়।'
কী ওয়ার্ডস:নাহিদ ইসলাম,নির্বাচনী হলফনামা,আয়-সম্পদ বিতর্ক