বৃহস্পতিবার, নভেম্বর ১৯, ২০২৬

নির্বাচনী নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন, পক্ষপাতদুষ্ট ডিসি–এসপি অপসারণের দাবি জামায়াতের

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৬-০১-০৭ ২০:২০:১২
ছবি: সংগৃহীত।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে গুরুতর অভিযোগ তুলেছে জামায়াতে ইসলামী। দলটির নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের দাবি করেছেন, রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনকারী একাধিক জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপার (এসপি) নির্দিষ্ট রাজনৈতিক দলের পক্ষে কাজ করছেন।
বুধবার (৭ জানুয়ারি) প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের জানান, যেসব কর্মকর্তা দলীয় পক্ষপাত দেখাচ্ছেন বলে অভিযোগ রয়েছে, তাদের দ্রুত অপসারণের জন্য নির্বাচন কমিশনের কাছে দাবি জানানো হয়েছে।
তাহের বলেন, অতীতে রাজনৈতিক মামলায় ভিন্ন ভিন্ন সিদ্ধান্তের নজির রয়েছে, যা প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তৈরি করেছে। একই ধরনের পরিস্থিতিতে কোনো প্রার্থীর মনোনয়ন গ্রহণ করা হলেও অন্য প্রার্থীরটি বাতিল হচ্ছে-এতে নির্বাচন প্রক্রিয়ার বিশ্বাসযোগ্যতা ক্ষুণ্ন হচ্ছে বলে মন্তব্য করেন তিনি।
তিনি আরও অভিযোগ করেন, নির্বাচনী সময়ে কিছু প্রার্থীকে অতিরিক্ত প্রটোকল দেওয়া হচ্ছে, যা জনমনে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে। পাশাপাশি ক্ষমতায় গেলে কৃষি কার্ড ও ফ্যামিলি কার্ড দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে প্রচারণা চালানো আচরণবিধির স্পষ্ট লঙ্ঘন বলেও উল্লেখ করেন জামায়াতের এই নেতা।
ভারতীয় কূটনীতিকের সঙ্গে জামায়াত আমিরের বৈঠক নিয়ে আলোচনার বিষয়ে তাহের বলেন, এ ধরনের কোনো বৈঠক হয়নি। অসুস্থতার সময় সৌজন্য সাক্ষাতের আগ্রহ জানানো হলেও তা গোপন রাখতে বলা হয়েছিল।

কী ওয়ার্ডস:নির্বাচনী পক্ষপাত,রিটার্নিং কর্মকর্তা,জামায়াতে ইসলামী


এ জাতীয় আরো খবর