বাংলাদেশ সময় সোমবার ভোরে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান্তা মনিকার বারকার হ্যাঙ্গারে বসে ৩১তম ক্রিটিকস চয়েস পুরস্কারের জমকালো আসর। এবারের আয়োজনে সেরা সিনেমাসহ তিনটি গুরুত্বপূর্ণ বিভাগে পুরস্কার জিতে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে হলিউড তারকা লিওনার্দো ডিক্যাপ্রিও অভিনীত সিনেমা ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’।
এই সিনেমার জন্য সেরা পরিচালক নির্বাচিত হয়েছেন পল থমাস অ্যান্ডারসন। একই সঙ্গে তার হাতে উঠেছে সেরা রূপান্তরিত চিত্রনাট্যের পুরস্কার, যা এ বছর ক্রিটিকস চয়েসে তার সাফল্যকে আরও উজ্জ্বল করেছে।
অনুষ্ঠানটি টানা চতুর্থবারের মতো সঞ্চালনা করেন জনপ্রিয় কমেডিয়ান চেলসি হ্যান্ডলার। চলচ্চিত্র ও টেলিভিশন-দুই মাধ্যম মিলিয়ে এবারের পুরস্কার তালিকায় ছিল বৈচিত্র্য ও নতুন চমক।
চলচ্চিত্র বিভাগে সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন টিমোথি শ্যালামে (‘মার্টি সুপ্রিম’) এবং সেরা অভিনেত্রী হয়েছেন জেসি বাকলি (হ্যামনেট)। পার্শ্ব চরিত্রে অভিনয়ের জন্য পুরস্কার পেয়েছেন জ্যাকব এলর্দি (ফ্র্যাঙ্কেনস্টাইন) ও অ্যামি ম্যাডিগান (ওয়েপনস)। অ্যানিমেশন ও সংগীত বিভাগে আলো ছড়িয়েছে ‘কে-পপ ডেমন হান্টার্স’, যা সেরা অ্যানিমেশন সিনেমা ও সেরা গানের পুরস্কার জিতেছে।
টেলিভিশন বিভাগেও ছিল উল্লেখযোগ্য প্রতিযোগিতা। সেরা ড্রামা সিরিজ নির্বাচিত হয়েছে এইচবিওর ‘দ্য পিট’, যেখানে সেরা অভিনেতা হয়েছেন নোয়া ওয়াইলি। কমেডি সিরিজে অ্যাপল টিভির ‘দ্য স্টুডিও’ সেরা নির্বাচিত হয়, আর অভিনয়ে পুরস্কৃত হন শেঠ রোগান ও জিন স্মার্ট। সেরা লিমিটেড সিরিজের সম্মান পেয়েছে নেটফ্লিক্সের ‘অ্যাডোলেসেন্স’।
সব মিলিয়ে এবারের ক্রিটিকস চয়েস পুরস্কার অনুষ্ঠানটি সিনেমা ও টেলিভিশনের সেরা কাজগুলোকে এক মঞ্চে এনে দর্শকদের জন্য হয়ে উঠেছে স্মরণীয়।
কী-ওয়ার্ডস: ক্রিটিকস চয়েস পুরস্কার, লিওনার্দো ডিক্যাপ্রিও, হলিউড পুরস্কার