মঙ্গলবার, মে ২৬, ২০২৬

নির্বাচন ও গণভোট সামনে রেখে সাইবার নিরাপত্তা জোরদারের নির্দেশ প্রধান উপদেষ্টার

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৫-১২-২৯ ০৮:৪৫:২৪
ছবি: সংগৃহীত।

আগামী জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে সব ধরনের সাইবার হুমকি মোকাবিলায় সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের নির্দেশ দিয়েছেন জাতীয় সাইবার সুরক্ষা কাউন্সিলের চেয়ারম্যান ও প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। তিনি জাতীয় সাইবার সুরক্ষা এজেন্সিকে নির্বাচনকালীন তথ্যপ্রযুক্তি অবকাঠামো সুরক্ষায় কার্যকর ও সমন্বিত পদক্ষেপ নেওয়ার নির্দেশনা দেন।
রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত জাতীয় সাইবার সুরক্ষা কাউন্সিলের বৈঠকে সভাপতির বক্তব্যে প্রধান উপদেষ্টা বলেন, নির্বাচনকে ঘিরে প্রযুক্তিনির্ভর সক্ষমতা আরও বাড়াতে হবে এবং সাইবার অপরাধের বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে হবে। নাগরিক সেবা ক্রমেই অনলাইনভিত্তিক হওয়ায় এসব সেবার নিরাপত্তা নিশ্চিত করা এখন রাষ্ট্রীয় অগ্রাধিকার বলে তিনি উল্লেখ করেন।
সভায় তিনি নাগরিক সেবাসংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ খাতগুলোকে বিশেষ গুরুত্ব দিয়ে সাইবার সুরক্ষার আওতায় আনার নির্দেশ দেন। পাশাপাশি সাইবার নিরাপত্তায় যুক্ত প্রতিষ্ঠানগুলোর সফটওয়্যার ও হার্ডওয়্যার নিয়মিত হালনাগাদ এবং সংশ্লিষ্ট জনবলকে দক্ষ করে তোলার ওপর জোর দেন। প্রতিষ্ঠান ও জনবলকে একটি রেটিং ব্যবস্থার আওতায় এনে সাইবার সুরক্ষার বাস্তব মূল্যায়নের কথাও বলেন তিনি।
প্রধান উপদেষ্টা আরও নির্দেশ দেন, আর্থিক খাতে সংঘটিত সাইবার অপরাধ যেন কোনোভাবেই শাস্তির বাইরে না থাকে। এ ক্ষেত্রে বিচার বিভাগের পাশাপাশি জাতীয় সাইবার সুরক্ষা এজেন্সিকে কার্যকর ভূমিকা রাখতে হবে।
সভায় ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব জানান, ইতোমধ্যে ৩৫টি প্রতিষ্ঠানকে ক্রিটিক্যাল ইনফরমেশন ইনফ্রাস্ট্রাকচার হিসেবে চিহ্নিত করা হয়েছে। ভবিষ্যতে আরও প্রতিষ্ঠানকে এই তালিকায় অন্তর্ভুক্ত করার প্রয়োজনীয়তার কথাও তিনি তুলে ধরেন।
আসন্ন নির্বাচনকে সামনে রেখে গুজব, মিসইনফরমেশন ও ডিসইনফরমেশন প্রতিরোধে জাতীয় সাইবার সুরক্ষা এজেন্সি ও বিটিআরসির মধ্যে ঘনিষ্ঠ সমন্বয়ের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয় বৈঠকে।
বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ. মনসুর জানান, ব্যাংকিং খাতে সাইবার নিরাপত্তা জোরদারে একাধিক উদ্যোগ নেওয়া হয়েছে এবং আরও কিছু কার্যক্রম বাস্তবায়নের পথে রয়েছে। তিনি সেক্টরভিত্তিক সিইআরটি গঠনের উদ্যোগের প্রশংসা করেন।
সভায় জাতীয় সাইবার সুরক্ষা কাউন্সিলের সদস্য সচিব ও জাতীয় সাইবার সুরক্ষা এজেন্সির মহাপরিচালক ড. মো. তৈয়বুর রহমান একটি প্রেজেন্টেশনের মাধ্যমে এজেন্সির চলমান কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা এবং ‘সাইবার ইনসিডেন্ট রিপোর্টিং অ্যান্ড রেসপন্স সিস্টেম’-এর বিস্তারিত তুলে ধরেন।
বৈঠকে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল, আইসিটি সচিব শীষ হায়দার চৌধুরী, আইজিপি বাহারুল আলম এবং এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খানসহ সংশ্লিষ্ট উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কী-ওয়ার্ডস:সাইবার নিরাপত্তা,জাতীয় নির্বাচন,প্রধান উপদেষ্টা


এ জাতীয় আরো খবর