বৃহস্পতিবার, নভেম্বর ১৯, ২০২৬

এ স এ ম আ জা দ হো সে ন

  • বন্দোবস্ত
  • ২০২৫-১২-২৮ ১৮:৫৮:১৭

সবকিছুরই যেন বন্দোবস্ত হয়ে গেছে-
কে কথা বলবে,কে চুপ থাকবে,
কার চোখে স্বপ্ন রাখা যাবে
আর কার চোখে কেবল হিসাব।

রাস্তার মোড়ে ন্যায়বিচারের পোস্টার ঝোলে,
পেছনের ঘরে দরকষাকষির শব্দ-
সত্য এখানে সাক্ষী নয়,
সে শুধু ফাইলের ভেতর ঘুমায়।

ঘাম ঝরানো মানুষের জন্য
রোদ-বৃষ্টি আগের মতোই খোলা,
আর ক্ষমতার ছায়ায় বসে থাকা হাতে
আগেই লেখা থাকে ভাগ্য।

ভোটের আগে প্রতিশ্রুতির মেলা,
ভোটের পরে নিঃশব্দ বন্দোবস্ত-
জনগণ থাকে তালিকায়,
কিন্তু সিদ্ধান্ত থাকে অন্য টেবিলে।

তবু কিছু মানুষ হিসাব মানে না,
তাদের বুকেই ভাঙে এই বন্দোবস্ত,
কারণ ইতিহাস বলে-
সব চুক্তি টেকে না,
যখন মানুষের জাগরণ শুরু হয়।


এ জাতীয় আরো খবর