আমি যাব বলেছিলাম, কোন শর্ত রাখিনি।
দিনক্ষণ বলিনি, শুধু বলেছিলাম
সময় করে যাব।
তারপর কতদিন,চলে গেছে কতগুলো বছর।
আমি যেতে পারিনি।
যাকে বলেছিলাম,সে কি এখনো অপেক্ষাতে আছে?
সে কি জীবন তছনছ করে এখনো আমার কথা ভাবে?
সে কি মাছ ধরে আনে, মাঠে মগ্ন থাকে ধান চাষে?
গভীর কোন অসুখ-বিসুখ! কাতর লাবণ্যহীন মুখ
আমি যেতে পারিনি বলে?
আমার যাবার দিন আসে না, আমার ঘুম আসেনা।
ওলটপালট আমার বিছানা পত্র, ঘুম আসে না।
বিদায় করেছি সকল শব্দ, চোখ থেকে জল
নিঃশব্দ শিশিরের মতো ঝরে পড়ে।
কথা দিয়ে কথা রাখিনি, শর্তহীন আমি যেতে পারিনি।