বৃহস্পতিবার, জুন ২৫, ২০২৬

মো শা হে দ চৌ ধু রী

  • কৈফিয়ত
  • ২০২৫-১২-২৫ ২০:৪১:৩৭

অব্যক্ত যা --- লিখি মনের খুশিতে
কারো মান-অভিমান, পছন্দ-অপছন্দের রাখি না হিসেব।
আমার কলম কোনো আদালতে বিচার চায় না
সে নিজের মতাদর্শে হাঁটে, খোঁড়াতে খোঁড়াতে হোক, কিংবা দৌড়ে।

শব্দ আসে, শব্দ যায় -- কখনো ধরা পড়ে কবির কবিতায়,
পরম যত্নে তুলে রাখেন গহনার মতো,
কখনো ছড়িয়ে পড়ে, যেন শিশুর এলোমেলো খেলনা।
তবু লিখি, লেখার মাঝে খুঁজে পাই সতেজ নিঃশ্বাস,
বুকের ভেতরে জমে থাকা শব্দেরা পায় অঝোর বৃষ্টি।

কেউ হয়তো বলবে -- আমার লেখাটা কবিতা হয়নি
আমি সবিনয়ে বলবো
কবিতা না হলেও এটা আমার ভাষা, আমার মুক্তির গান।

তাই আমি লিখি, লিখে যাই আনমনে যত কথা
না কবি হওয়ার জন্য, না কারো বাহ্বা পাওয়ার জন্য
কবিতা সেতো আমার নিত্য সহচর
যে আমাকে সান্ত্বনা দেয়, ভালো রাখে বিরুদ্ধ সময়ে।


এ জাতীয় আরো খবর