সোমবার, মে ২৫, ২০২৬

১৭ বছর পর দেশে ফিরে পথে পথে অভিবাদনে সিক্ত তারেক রহমান

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৫-১২-২৫ ১৪:০৪:২১
ছবি: সংগৃহীত।

দীর্ঘ ১৭ বছরের বেশি সময় পর দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার ২৫ ডিসেম্বর প্রথমে সিলেটে যাত্রাবিরতি শেষে বেলা ১১টা ৪০ মিনিটের দিকে তাকে বহনকারী বিমান ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
দেশে পৌঁছানোর পর বিমানবন্দর থেকে বিশেষ বাসে করে নেতাকর্মীদের সঙ্গে রাজধানীর জুলাই ৩৬ এক্সপ্রেসওয়ের দিকে রওনা হন তারেক রহমান। দুপুরে সর্বশেষ তথ্য অনুযায়ী, তিনি খিলক্ষেত এলাকা অতিক্রম করে উড়ালসেতু পার হচ্ছিলেন। সড়কের দুই পাশে নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতিতে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশ তৈরি হয়।
বিমানবন্দরে পৌঁছালে তারেক রহমানকে প্রথমে বরণ করেন তার শাশুড়ি সৈয়দা ইকবাল মান্দ বানু। পরে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ, আমীর খসরুসহ দলের শীর্ষ নেতারা একে একে তারেক রহমান, তার স্ত্রী ডা. জুবাইদা রহমান ও কন্যা জাইমা রহমানকে অভিবাদন জানান।
বৃহস্পতিবার দুপুর ১টা ৪৯ মিনিটে তারেক রহমান নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে চারটি ছবি প্রকাশ করেন। ছবিগুলোর সঙ্গে তিনি সংক্ষিপ্ত বার্তায় লেখেন, সবার প্রতি কৃতজ্ঞতা। সামাজিক যোগাযোগমাধ্যমে মুহূর্তেই সেই পোস্ট ঘিরে নেতাকর্মী ও সমর্থকদের ব্যাপক প্রতিক্রিয়া দেখা যায়।
তারেক রহমানের আগমন উপলক্ষে গুলশানের ১৯৬ নম্বর বাসভবন সাজানো হয়েছে। তার স্ত্রী ও কন্যা ইতোমধ্যে সেখানে পৌঁছেছেন। ৩০০ ফিট এলাকায় বিএনপির আয়োজিত সংবর্ধনা মঞ্চে সংক্ষিপ্ত ভাষণ শেষে তিনি এভারকেয়ার হাসপাতালে গিয়ে তার মা ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখতে যাবেন বলে দলীয় সূত্র জানিয়েছে।
এর আগে বুধবার ২৪ ডিসেম্বর বাংলাদেশ সময় দিবাগত রাত সোয়া ১২টায় লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটটি। একই দিন রাতে লন্ডনের নিজ বাসা থেকে বের হয়ে স্ত্রী ও কন্যাকে সঙ্গে নিয়ে হিথ্রো বিমানবন্দরে পৌঁছান তারেক রহমান।
দীর্ঘ নির্বাসন শেষে তারেক রহমানের এই স্বদেশ প্রত্যাবর্তন ঘিরে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। বিএনপির নেতাকর্মীরা একে দলের জন্য নতুন অধ্যায়ের সূচনা হিসেবে দেখছেন।

কীওয়ার্ডস:তারেক রহমান,স্বদেশ প্রত্যাবর্তন,বিএনপি


এ জাতীয় আরো খবর