চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার চামুচা সীমান্তে শিশু ও নারী সহ ২৭ বাংলাদেশীকে আটক করেছে বিজিবি। সোমবার(২২ ডিসেম্বর) ভোরে দুই দফায় তাদের অবৈধ অনুপ্রবেশের চেষ্টার দায়ে আটক করে বিজিবি। পরে পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য জিডি করে তাদের ভোলাহাট থানায় হস্তান্তর করে বিজিবি। এদিকে এ ঘটনায় সোমবার দুপুর সাড়ে ১২টায় সীমান্তে পতাকা বৈঠক করেছে বিজিবি।
বিজিবি ও পুলিশ জানায়, সোমবার ভোরে মেইন আন্তর্জাতিক সীমান্ত পিলার ১৯৬/৫ এস এর নিকট দিয়ে ভারতের পশ্চিমবঙ্গের মালদা জেলা থেকে বাংলাদেশে প্রবেশকালে তাদের আটক করে বিজিবি। আটকদের মধ্যে ৫ জন শিশু,১০ জন নারী,১০ জন পুরুষ ও ২ জন তৃতীয় লিঙ্গের ব্যাক্তি রয়েছেন।
সংশ্লিস্ট চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা ব্যাটালিয়নের(৫৯বিজিবি) অধিনায়ক লে.কর্নেল গোলাম কিবরিয়া বলেন, পাসপোর্ট ছাড়া অবৈধভাাবে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টাকালে ২৭ জনকে আটক করা হয়। তাঁরা বিভিন্ন সময় পাসপোর্ট ছাড়া কাজের সন্ধানে ভারতে যাবার পর ফেরৎ আসার সময় আন্তর্জাতিক সীমান্তে বিজিবি টহল দলের হাতে আটক হয়।
ভোলাহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল বারিক বলেন, ওই বাংলাদেশী নাগরিকরা গত ২ থেকে ১০ বছর পূর্বে পশ্চিমবঙ্গ সহ ভারতের বিভিন্ন এলাকায় যাবার পর অবৈধ অনুপ্রবশের দায়ে ভারতীয় পুলিশের হাতে গ্রেপ্তার হন। পরে বিভিন্ন কারাগারে বিভিন্ন মেয়াদে সাজাভোগ করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে মঙ্গলববার বিকালে ওই ২৭ জনকে উপজেলা প্রশাসনের ডাকবাংলোতে পুলিশ পাহারায় থাকার ব্যবস্থা করা হয়েছে। ওসি আরও বলেন, তাদের পরিবারকে খবর দেয়া হয়েছে এবং পরিচয় যাচাই হলে তাদের পরিবারের জিম্মায় বুঝিয়ে দেয়া হবে।
জানা গেছে,ওই বাংলাদেশীরা যশ্রো, খুলনা,নড়াইল, সাতক্ষীরা,নারায়নগঞ্জ ও ঝালকাঠি জেলার বাসিন্দা।