বুধবার, অক্টোবর ১৪, ২০২৬

ম হা দে ব ন স্ক র

  • বেলা শেষে
  • ২০২৫-১২-২২ ১০:০৮:১৪

শেষ বেলাটুকু জেগে আছে,এবার নামবে অন্ধকার
তারপর পাতার আড়ালে যাবে পাখি
দম ফেলবার সময় পাবে না ভাটি গাঁঙ বাওয়া মানুষ। 
হয়তো তখন প্রেম গান হয়ে ধরা দেবে চাঁদ
ঘোলা জল ঘুরে ঘুরে সুর দেবে তার।।
 
অবশেষে ভোরের কিরণ ডাক দেবে, চলো, সময় হয়েছে এইবার। 
যার কথা ভেবে, যার মুখ চোখের উপরে রেখে 
গান গেয়েছিলে, সে রয়েছে অপেক্ষাতে। 
আবার হবে তো দিন, বেলা ডুবু ডুবু হবে, উড়ে যাবে গাংচিল; 
আবারো উজান হবে গাঁঙে, আবারো ভাটি। 

চাঁদ দেখা দেবে, ছলাৎ ছলাৎ শব্দ হবে জলে
সুর হবে, গান হবে, কারো মুখ চোখের উপরে
ভাসবে উজ্জ্বল হয়ে। 
এমনই চলবে যেভাবে চলেছে চিরদিন। 
আমরাও দেখতে দেখতে বয়স পেরিয়ে যাব
ঢেউয়ের অন্তরে ঢেউ অন্তরতম হবে আরো, আরো!!


এ জাতীয় আরো খবর